এক সময়ের দাপুটে শাসক নিকোলাস মাদুরো এখন সাত সমুদ্র তেরো নদীর ওপারে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি। কিন্তু নিজ দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের খবর তাঁকে বিচলিত করে তুলেছে। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের আঘাতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরো এক যৌথ বার্তায় বলেছেন, “আজকের দিনে আমাদের জন্য একটিই পথ খোলা— সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং আর্তমানবতার সেবায় সর্বোচ্চ পদক্ষেপ।”
টেলিগ্রাম পোস্টে মাদুরো তাঁর সমর্থকদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, “এই বিপদের দিনে কেউ যেন একা না থাকে। প্রতিটি সম্প্রদায়কে অনুরোধ করছি, আপনারা আপনাদের শিশু, বয়োবৃদ্ধ এবং অসুস্থদের প্রতি বিশেষ নজর দিন। কাউকে কোথাও ফেলে আসবেন না।” তিনি উদ্ধারকারী দল ও চিকিৎসকদের কাজে সর্বাত্মক সহায়তা করতে সাধারণ জনগণকে আহ্বান জানান। মাদুরোর মতে, ভেনেজুয়েলা আজ এক কঠিন অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছে এবং শৃঙ্খলা ও বিশ্বাসের মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ০৪ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে। এর রেশ কাটতে না কাটতেই প্রায় একই এলাকায় ৭.৫ মাত্রার দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। ইউএসজিএস সতর্ক করে দিয়েছে যে, এই জোড়া কম্পনের ফলে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
দেশটির বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় অন্তত ৭০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, ভূমিকম্পে দেশজুড়ে অসংখ্য ভবন ধসে পড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে কারাকাসের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে এক শ্বাসরুদ্ধকর অভিযানে মার্কিন বিশেষ বাহিনী মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তাঁরা নিউ ইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার ও অবৈধ অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা চলছে। বন্দি অবস্থায় থেকেও দেশের মানুষের প্রতি মাদুরোর এই সহমর্মিতা দেশটির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।