ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ২০২৮ সালের সিংহস্থ মেলার প্রস্তুতির অংশ হিসেবে রাস্তা প্রশস্ত করতে শাহী মসজিদের একটি অংশ অপসারণের উদ্যোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার সকালে প্রশাসন মসজিদের অংশ সরানোর কাজ শুরু করলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
উজ্জয়িনী পৌর করপোরেশনের পরিকল্পনা অনুযায়ী প্রায় ৯০০ মিটার রাস্তা ১৫ মিটার প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সড়কের প্রস্তাবিত অংশের মধ্যে শাহী মসজিদের একটি অংশ পড়েছে। মসজিদটির নামাজের কক্ষ, ১২০ ফুট উচ্চতার একটি মিনার এবং সংলগ্ন মাজার চত্বরের কিছু অংশ এই প্রকল্পের আওতায় পড়েছে বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। মসজিদটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত।
ঘটনার আগের রাতেও পরিস্থিতি উত্তপ্ত ছিল। পৌর করপোরেশনের কর্মকর্তারা জেসিবিসহ ভারী যন্ত্রপাতি নিয়ে এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের অনেকে মসজিদের সামনে জড়ো হন। কয়েকজন সেখানে রাতও কাটান। পরে প্রশাসন ও মসজিদ কমিটির প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও সোমবার সকালে আবারও উত্তেজনা তৈরি হয়।
মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রাস্তা প্রশস্ত করতে মসজিদের অংশ না ভেঙে বিপরীত পাশের স্থাপনা সরানো যেতে পারে। তাঁদের বক্তব্য, ধর্মীয় স্থাপনা বাদ দিয়েই রাস্তা সম্প্রসারণ করা উচিত। মসজিদ কমিটি বিষয়টি নিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছে।
তবে উজ্জয়িনী পৌর করপোরেশনের যুক্তি, ২০২৮ সালের সিংহস্থ মেলায় বিপুলসংখ্যক তীর্থযাত্রীর সমাগম হবে। তাই যানজট নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং তীর্থযাত্রীদের চলাচল সহজ করতে রাস্তা প্রশস্ত করা প্রয়োজন। এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টও পৌর করপোরেশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা দুটি আবেদন খারিজ করেছে। আদালত বলেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদালত আরও উল্লেখ করেছে, একই সড়ক সম্প্রসারণের কাজে এরই মধ্যে ১০টি মন্দির ও একটি মসজিদের অংশ সরানো হয়েছে। উজ্জয়িনীজুড়ে প্রায় ৮০টি ধর্মীয় স্থাপনা নিয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে বলেও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। ফলে শুধু ধর্মীয় স্থাপনা হওয়ার কারণে শাহী মসজিদকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে এমন অভিযোগ আদালত গ্রহণ করেনি।
এদিকে মসজিদ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় এলাকায় প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েনের কথা জানিয়েছে স্থানীয় প্রতিবেদন। ব্যারিকেড বসানো হয়েছে এবং মসজিদের আশপাশের এলাকায় চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংলাপের ওপর জোর দেওয়া হচ্ছে।
সিংহস্থ ২০২৮ উপলক্ষে উজ্জয়িনীতে ব্যাপক অবকাঠামো উন্নয়ন চলছে। রাস্তা প্রশস্তকরণ, যান চলাচল ব্যবস্থাপনা ও তীর্থযাত্রীদের সুবিধা বাড়ানোর বিভিন্ন প্রকল্পের মধ্যে শাহী মসজিদের অংশ অপসারণের বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বিরোধের একটি হয়ে উঠেছে। আদালতের পরবর্তী শুনানি ও প্রশাসনের পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।