ফ্লাইদুবাই হামলায় অভিযুক্ত কো-পাইলটের পরিচয় প্রকাশ

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ভারতীয় পাইলটকে হামলার অভিযোগে অভিযুক্ত কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম। তার নাম হামাম আল-হামানি। ২৯ বছর বয়সী এই ব্যক্তি ওমানের নাগরিক হলেও সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে গত ৩০ সেপ্টেম্বর মাঝআকাশে কো-পাইলটের হামলায় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার গুরুতর আহত হন। পরে যাত্রী ও ক্রু সদস্যরা ককপিটে ঢুকে অভিযুক্ত কো-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন। অন্য দুই পাইলটের সহায়তায় বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামাম আল-হামানির লিংকডইন প্রোফাইল অনুযায়ী তিনি প্রায় সাত বছর ওমান এয়ারে কাজ করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি ছাড়ার পর একই বছরের জুনে মরক্কোর রয়্যাল এয়ার মারোক-এ যোগ দেন। সেখান থেকে ২০২৬ সালের জুনে চাকরি ছাড়েন তিনি। তবে তার লিংকডইন প্রোফাইলে ফ্লাইদুবাইয়ে কাজ করার কোনো তথ্য ছিল না। একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ওই অ্যাকাউন্টটি হামামেরই ছিল। পরে অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়।

হামাম ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটিতে বিমান চলাচল ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত না হয়ে অনলাইনে পড়াশোনা করে ২০২৩ সালে ডিগ্রি অর্জন করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএনএনের তথ্য অনুযায়ী, হামামের এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বর্তমানে সক্রিয় নেই। এর আগে তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পাওয়া গিয়েছিল। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ককপিট থেকে ধারণ করা ওই ভিডিওতে একটি ইসরায়েলি বিমান দেখানো হয়েছিল।

ভিডিওটির শেষ অংশে আল-কায়েদার সাবেক নেতা আয়মান আল-জাওয়াহিরি এবং জর্ডানের নাগরিক হুমাম খলিল আবু-মুলাল আল-বালাওইয়ের ছবি দেখা যায়। ২০০৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর একটি ঘাঁটিতে হামলার সঙ্গে আল-বালাওই জড়িত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া হামামের আরেকটি সামাজিকমাধ্যম পোস্টে ইসলামের তিন পবিত্র স্থান মক্কা, মদিনা ও জেরুজালেমের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি দেখা যায়। পোস্টের ভিডিওতে ইসলামি কবিতা আবৃত্তিও শোনা যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে ঠিক কী ঘটেছিল এবং হামলার পেছনে হামামের উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত তদন্তকারীরা হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রকাশ করেননি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।