ফ্রান্সে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা ও লুটপাটের ঘটনায় প্রায় দেড় হাজার দোকান ও খুচরা বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরাসি সরকারের তথ্য অনুযায়ী, গতকাল দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নেমেছিলেন। এ সময় অন্তত ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দেশটির খুচরা ব্যবসায়ী ও বাণিজ্য ফেডারেশনের প্রধান জানান, বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত দোকানগুলোর অনেকগুলোতেই লুটপাট চালানো হয়েছে। অন্যদিকে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, শান্তিপূর্ণ মিছিলের আশপাশে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ১ হাজার ৮০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ অক্টোবরের বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে বিরোধী দল এবং কয়েকটি শহরের মেয়রদের সমালোচনার মুখে পড়েছে প্রশাসন। বিক্ষোভের সময় নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়া এবং ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ‘ফ্রান্স জ্বলছে’। অভিবাসনের কারণে দেশটি ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ পরিস্থিতিতে বিক্ষোভ ও সহিংসতা নিয়ে আলোচনার জন্য রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় এলিসি প্রাসাদে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর। পরে রাত ৮টায় জাতির উদ্দেশে আনুষ্ঠানিক ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।