দুই মাসে ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় গত দুই মাসে ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের অধিকাংশই গত দুই মাসে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

আইওএমের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়ের ব্যবস্থা করতে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে, চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় সহায়তাকারী সংস্থাগুলোর পক্ষে দুর্গত মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

ইয়েমেনে আইওএমের মিশনপ্রধান আব্দুসাত্তর এসোয়েভ বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশার কথা তুলে ধরে বলেন, বছরের পর বছর সংঘাতের পর পরিবারগুলো আবারও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। অনেকেই পরনের কাপড় ছাড়া তেমন কিছু সঙ্গে নিতে পারছেন না।

তিনি বলেন, এসব মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা প্রয়োজন। পর্যাপ্ত অর্থায়ন না পেলে হাজার হাজার পরিবার জরুরি সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, চার বছর ধরে চলা তুলনামূলক শান্ত পরিস্থিতির অবসান ঘটিয়ে গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়। এরপর সেপ্টেম্বরে পশ্চিমাঞ্চলে লড়াই আরও তীব্র হয়ে ওঠে। হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে সংঘর্ষে নতুন করে মানবিক সংকট তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।