চার দিনে বাস্তুচ্যুত ২ হাজার ৬৪৯ ফিলিস্তিনি

মাত্র চার দিনের ইসরায়েলি অভিযানে ২ হাজার ৬৪৯ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে সাঁজোয়া যান নিয়ে ফারশ আল-হাওয়া প্রবেশপথ দিয়ে ইসরায়েলি সেনাদের একটি নতুন দল হেব্রনে প্রবেশ করে। একই সময়ে সেনারা শহরের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে ঢুকে পড়ে এবং বেশ কয়েকটি ফিলিস্তিনি গাড়ি জব্দ করে।

হেব্রনের গভর্নর খালেদ দুদিন জানান, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বাহিনী ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। সামরিক অভিযানের কারণে ৪৫০টিরও বেশি পরিবার গৃহহীন হয়েছে এবং ৫০০টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলেও জানান তিনি।

গভর্নর আরও বলেন, ইসরায়েলি সেনারা ১২৮টি ফটক ও ১২০টি সেনাচৌকি স্থাপন করে পুরো অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের উপকণ্ঠে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনেরও বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।