ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার (১৫ নভেম্বর) নাগাদ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরী থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল তারা। এমন পরিস্থিতিতে সম্ভাব্য আক্রমণ থেকে এডেনকে রক্ষা করতে ব্যাপক প্রতিরক্ষা প্রস্তুতি নিচ্ছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাহিনীর সদস্যরা এডেন শহরের চারপাশে পরিখা খনন করছেন। পাশাপাশি বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা দেয়াল ও অস্থায়ী দুর্গ তৈরি করছেন তারা। তবে হুথি যোদ্ধারা আরও সামনে অগ্রসর হলে এসব প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে সামরিক পর্যবেক্ষকদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনীর চারটি এবং সরকারের দুটি উচ্চপর্যায়ের সূত্র এএফপিকে জানিয়েছে, হুথি বিদ্রোহীরা ইতিমধ্যে পার্শ্ববর্তী লাহজ প্রদেশের দুটি জেলা দখল করেছে। এখন তারা এডেনের দিকে এগোচ্ছে। সূত্রগুলোর দাবি, হুথি যোদ্ধারা বর্তমানে আল-মাদারিবার আল-খারাজ সামরিক ক্যাম্পের কাছে অবস্থান করছেন। ক্যাম্পটি এডেন শহর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে।
ইয়েমেনের মূল রাজধানী সানা দীর্ঘদিন ধরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে। সেখান থেকেই পরিচালিত হচ্ছে সরকারের রাষ্ট্রীয় ও প্রশাসনিক কার্যক্রম।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। আরও ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে এক যুগেরও বেশি সময় ধরে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।
এদিকে, হুথিরা এডেন দখলের লক্ষ্যে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি এবং সেখানকার একটি বিমানবন্দর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অস্থায়ী রাজধানী এডেনকে রক্ষার কৌশলগত প্রয়োজনেই সেনাদের ওই অবস্থান থেকে সরিয়ে অন্য জায়গায় মোতায়েন করা হচ্ছে।
অন্যদিকে, হুথিদের সামরিক শাখার একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সরকারি বাহিনী যেসব কৌশলগত এলাকা থেকে সরে গেছে, হুথি যোদ্ধারা ইতিমধ্যে সেসব অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।