ইরানের ওপর নতুন করে মার্কিন সামরিক হামলা ঠেকানো এবং শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাইকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সময়ে আগামী ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য উপসাগরীয় কয়েকটি আরব দেশকে প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন। বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন নিয়ে ভ্যান্সের পাঠানো চিঠিতে দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনার কাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এতে নির্দিষ্ট কোনো শান্তি প্রস্তাবের বিস্তারিত তুলে ধরা হয়নি।
অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য অভিযানের লক্ষ্যবস্তু হিসেবে ইরানের সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো বিবেচনায় থাকতে পারে। তবে ট্রাম্প এখনো হামলা চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
এদিকে, নতুন করে হামলা হলে বিস্তৃত পরিসরে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মোহসেন রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্য হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো। এর মধ্যে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট স্থাপনাও রয়েছে।
কূটনৈতিক যোগাযোগ ও সামরিক প্রস্তুতির এই সমান্তরাল পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা আবার শুরু হয় কি না, তা নিয়ে নজর রাখছেন সংশ্লিষ্টরা। তবে নতুন করে হামলা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা আসেনি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।