প্রবাসী বাংলাদেশিদের সঞ্চিত পুঁজি দেশের উৎপাদনশীল খাত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে কাজে লাগাতে ১০০ কোটি মার্কিন ডলার বা ১ বিলিয়ন ডলারের বিশেষায়িত তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে পরিচালিত প্রতিষ্ঠানটি এ উদ্যোগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে এ তহবিলের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণ প্রজন্মের মেধা, প্রযুক্তিগত দক্ষতা ও সামাজিক ব্যবসাকে একসঙ্গে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের অর্জিত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উৎপাদনশীল বিভিন্ন উদ্যোগে যুক্ত করার আহ্বান জানান।
বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের অর্থনীতিতে চলমান পরিবর্তন ও কাঠামোগত সংস্কারের বিষয় তুলে ধরে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের দেশে এসে ব্যবসা-বাণিজ্যের বাস্তব পরিবেশ সরাসরি দেখার আহ্বান জানান।
এম ক্যাপিটালের চেয়ারম্যান আহসান এইচ মনসুর জানান, প্রবাসীদের পাঠানো অর্থকে উৎপাদনশীল সম্পদে রূপান্তরের লক্ষ্যেই ১ বিলিয়ন ডলারের এই কাঠামো গড়া হচ্ছে। এর আওতায় তিনটি পৃথক বিশেষায়িত তহবিল থাকবে। এগুলো হলো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড।
এম ক্যাপিটাল জানিয়েছে, তহবিলগুলো দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং নির্ধারিত মানদণ্ড মেনে পরিচালিত হবে। বিনিয়োগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন উপদেষ্টাদের তদারকি থাকবে। পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে দুই বছরের ‘লক-ইন’ সময়সীমা রাখা হবে। তহবিলের ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক।
প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে সম্পৃক্ত করতে বিশ্বের প্রায় ১০০টি প্রধান শহরে পৌঁছানোর লক্ষ্য নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। আহসান এইচ মনসুরের ভাষ্য, ‘ডাকছে বাংলাদেশ’ শুধু একটি স্লোগান নয়; প্রবাসীদের পুঁজি, বৈশ্বিক নেটওয়ার্ক ও পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও উচ্চমূল্যের বিনিয়োগ গন্তব্যে রূপান্তর করাই এ উদ্যোগের লক্ষ্য।
এম ক্যাপিটাল লিমিটেড প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের অর্থ দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির নিবন্ধিত কার্যালয় রয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।