দেশের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে মানুষের সঞ্চয় বাড়ছে না। বরং গত কয়েক বছর ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় দেশজ ও জাতীয় দুই ধরনের সঞ্চয়ের হারই ধারাবাহিকভাবে কমেছে। একই সময়ে বেড়েছে মানুষের ভোগ ব্যয়। অর্থনীতিবিদদের মতে, এই প্রবণতা দীর্ঘমেয়াদে বিনিয়োগ, কর্মসংস্থান ও আয়ের ওপর চাপ তৈরি করতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘জাতীয় হিসাব পরিসংখ্যান’ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, জাতীয় সঞ্চয়ের পাশাপাশি জিডিপির অনুপাতে বিনিয়োগের হারও কমেছে। বিপরীতে মানুষের মোট ভোগ ব্যয়ের অংশ বেড়েছে।
বিবিএসের হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে জিডিপির অনুপাতে জাতীয় সঞ্চয়ের হার ছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাবে তা কমে ২৬ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে জাতীয় সঞ্চয়ের হার কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট।
একই সময়ে দেশজ সঞ্চয়ের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২২-২৩ অর্থবছরে জিডিপির অনুপাতে দেশজ সঞ্চয়ের হার ছিল ২৫ দশমিক ৭৬ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে তা নেমে এসেছে ২১ দশমিক ৩৮ শতাংশে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে কমেছে ৪ দশমিক ৩৮ শতাংশীয় পয়েন্ট।
টাকার অঙ্কে সঞ্চয় বাড়লেও অনুপাত কম
চলতি মূল্যে জাতীয় সঞ্চয়ের পরিমাণ অবশ্য আগের তুলনায় বেড়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে জাতীয় সঞ্চয় ছিল প্রায় ১৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে প্রায় ১৬ লাখ ৪৮ হাজার কোটি টাকা।
তবে অর্থনীতির প্রকৃত সঞ্চয়ক্ষমতা বোঝার ক্ষেত্রে জিডিপির অনুপাতকে বেশি গুরুত্ব দেন অর্থনীতিবিদেরা। কারণ, অর্থনীতির আকার ও পণ্যের দাম বাড়ার কারণে টাকার অঙ্কে সঞ্চয় বাড়তে পারে। কিন্তু জিডিপির তুলনায় সঞ্চয়ের হার কমে গেলে অর্থনীতির আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়ক্ষমতা দুর্বল হওয়ার বিষয়টি স্পষ্ট হয়।
করোনার সময় থেকেই সঞ্চয়ের হার কমার প্রবণতা দেখা যায়। ২০১৯-২০ অর্থবছরে জিডিপির অনুপাতে দেশজ সঞ্চয়ের হার ছিল ২৭ শতাংশ এবং জাতীয় সঞ্চয়ের হার ছিল ৩১ দশমিক ৪২ শতাংশ। সর্বশেষ হিসাবে দেশজ সঞ্চয় প্রায় ২১ শতাংশ এবং জাতীয় সঞ্চয় প্রায় ২৭ শতাংশে নেমে এসেছে।
মূল্যস্ফীতিতে বাড়ছে ভোগ ব্যয়
সঞ্চয় কমার অন্যতম কারণ হিসেবে দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতিকে দেখছেন অর্থনীতিবিদেরা। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম বাড়ায় মানুষের আয়ের বড় অংশ দৈনন্দিন খরচ মেটাতেই চলে যাচ্ছে। ফলে ভবিষ্যতের জন্য অর্থ জমিয়ে রাখার সক্ষমতা কমছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার মূল্যবৃদ্ধিতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে গিয়ে ভোক্তাদের সঞ্চয়ের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রবাসী আয়ের গতি কম থাকা এবং রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের লোকসানও জাতীয় সঞ্চয় কমার কারণ বলে উল্লেখ করেন তিনি।
বিবিএসের হিসাবে, গত তিন অর্থবছরে জিডিপিতে মোট ভোগ ব্যয়ের হার ৭৪ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ৬২ শতাংশ হয়েছে। অর্থাৎ অর্থনীতিতে উৎপাদিত আয়ের তুলনায় ভোগের অংশ বেড়েছে এবং সঞ্চয়ের অংশ কমেছে।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাকও জাতীয় সঞ্চয় কমার অন্যতম কারণ হিসেবে দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতিকে উল্লেখ করেছেন। তাঁর মতে, মূল্যস্ফীতির কারণে আয়ের বড় অংশ পণ্য ও সেবা কেনায় ব্যয় হচ্ছে। ফলে জীবনযাত্রার ব্যয় মিটিয়ে সঞ্চয়ের সুযোগ কমে যাচ্ছে।
বিনিয়োগেও পড়ছে প্রভাব
সঞ্চয়ের হার কমার সঙ্গে বিনিয়োগের হারও কমেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ছয় বছর আগে জিডিপিতে মোট বিনিয়োগের হার ছিল ৩১ শতাংশের বেশি। বর্তমানে তা ২৮ শতাংশের নিচে নেমেছে। এ সময়ে সরকারি ও বেসরকারি দুই ধরনের বিনিয়োগই কমেছে।
এম এ রাজ্জাকের মতে, জাতীয় সঞ্চয় কমলে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগযোগ্য তহবিলের প্রবাহও কমতে পারে। এর প্রভাব পড়তে পারে ব্যবসা সম্প্রসারণ ও সামগ্রিক বিনিয়োগে।
মোস্তাফিজুর রহমান বলেন, সঞ্চয়-জিডিপির অনুপাত কমে যাওয়ার অর্থ হলো দেশের অভ্যন্তরে সঞ্চিত মূলধন দিয়ে বিনিয়োগের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। ফলে বিনিয়োগ ধরে রাখতে দেশি-বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়তে পারে। এতে ঋণ সংগ্রহ, ব্যবস্থাপনা এবং পরিশোধের চাপও তৈরি হয়।
ঘুরে দাঁড়াতে প্রয়োজন উৎপাদনশীলতা
অর্থনীতিতে সঞ্চয় ও বিনিয়োগের ধারা শক্তিশালী করতে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর লোকসান কমানো এবং সরকারি-বেসরকারি পর্যায়ে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে।
মোস্তাফিজুর রহমানের মতে, আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার করাও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো গেলে অর্থনীতিতে আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। এতে দীর্ঘমেয়াদে সঞ্চয়ের সক্ষমতাও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।