বিশ্ববাজারের চাহিদা ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি পোশাক খাতে পরিবেশগত সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে ‘ইএসজি ড্যাশবোর্ড’ চালু করেছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানো এবং কারখানাগুলোর কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ড্যাশবোর্ডের মাধ্যমে পণ্য রপ্তানির গন্তব্য দেশগুলোর নীতিমালা অনুসরণ, পরিবেশবান্ধব কারখানা পরিচালনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার বিভিন্ন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রবণতা পর্যবেক্ষণ করা যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ, ব্র্যাক ইউনিভার্সিটির বিআইজিডির গবেষণা পরিচালক অধ্যাপক মুন্সি সোলায়মান এবং ম্যাপড ইন বাংলাদেশের (এমইবি) কারিগরি প্রধান অধ্যাপক মতিন আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সরকারের দুর্বল নীতির কারণে বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। আগামীতে দেশের রূপকল্প বাস্তবায়নে পোশাকশিল্পের গতিশীল নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পরিবর্তিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক কারখানাগুলোকে তথ্যসমৃদ্ধ ও নির্ভরযোগ্য হতে হবে। ইতোমধ্যে ৩২৬টি প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। শিগগিরই পোশাক খাতের সম্মিলিত স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করতে বিজিএমইএ এবং বিকেএমইএর সদস্যদের জন্য এটি বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
বিজিএমইএর পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ বলেন, কমপ্লায়েন্সকে কেবল নিয়ম পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যবসায়িক সক্ষমতায় রূপান্তর করাই এ প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।
ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সরকারের সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, কেবল প্রচলিত নিয়মকানুন অনুসরণ করাই যথেষ্ট নয়; দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য টেকসই শিল্প পরিচালনা জরুরি।
বিআইজিডির গবেষণা পরিচালক অধ্যাপক মুন্সি সোলায়মান দেশের সব পোশাক কারখানাকে ইএসজি ড্যাশবোর্ডের আওতায় আনার আহ্বান জানান। অন্যদিকে, ম্যাপড ইন বাংলাদেশের কারিগরি প্রধান অধ্যাপক মতিন আব্দুল্লাহ প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত দিক তুলে ধরেন।
ডেনমার্ক দূতাবাসের আর্থিক সহায়তা এবং বিআইজিডি ও এমআইবির কারিগরি সহযোগিতায় বিজিএমইএ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে পোশাকশিল্পে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণে কারখানাগুলো আরও সক্ষম হবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।