জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ট্রেডউইন্ড জিএমবিএইচের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় ব্যাংকটির আমদানিকারক ও রপ্তানিকারক গ্রাহকদের জন্য বিভিন্ন বাণিজ্য অর্থায়নসেবা দেবে ট্রেডউইন্ড।
সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, বিক্রয় চুক্তির বিপরীতে নন-রিকোর্স ভিত্তিতে এক্সপোর্ট ফ্যাক্টরিং, ইউজ্যান্স এলসি ডিসকাউন্টিং এবং ইমপোর্ট ফ্যাক্টরিং সেবা দেওয়া হবে। এসব সেবার মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যে সংশ্লিষ্ট গ্রাহকদের অর্থায়ন কার্যক্রমে সহায়তা করার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএএমএলসিও শামীম আহম্মদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. ফখরুজ্জামান চৌধুরী।
অন্যদিকে, ট্রেডউইন্ড জিএমবিএইচের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেইল জালি, একই অঞ্চলের আঞ্চলিক পরিচালন পরিচালক মাহমুদ ইব্রাহিম এবং বাংলাদেশের কান্ট্রি কমার্শিয়াল প্রধান মো. রাশেদুল হাসান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।