সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে টিসিবির উপকারভোগী নির্বাচনের নিয়ম নতুন করে নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশিকায় নিম্ন আয়ের মানুষের সংজ্ঞা, কারা কার্ড পাওয়ার জন্য বিবেচিত হবেন, প্রয়োজনীয় কাগজপত্র এবং পণ্য বিতরণ ও তদারকির পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘সমগ্র বাংলাদেশে টিসিবির উপকারভোগী নির্বাচন এবং ভর্তুকি/সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬’ জারি করে।
কারা টিসিবির কার্ড পাবেন
নির্দেশিকা অনুযায়ী, হতদরিদ্র পরিবার, নিম্ন আয়ের ব্যক্তি, ভূমিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, চা-শ্রমিক, চাতালশ্রমিক, কারখানার শ্রমিক এবং উপার্জনে অক্ষম ব্যক্তিরা টিসিবির কার্ডধারী হওয়ার জন্য বিবেচিত হবেন।
এ ছাড়া বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত এবং অসচ্ছল বয়স্ক নারীপ্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। যেসব দুস্থ পরিবারে শিশু বা প্রতিবন্ধী সদস্য রয়েছেন, তারাও অগ্রাধিকার পাবেন।
কার্ড পেতে কী লাগবে
একই পরিবারের একাধিক ব্যক্তি টিসিবির সুবিধাভোগী হতে পারবেন না। কার্ড পাওয়ার জন্য উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর এনআইডিও প্রয়োজন হবে।
এর পাশাপাশি উপকারভোগীর নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর থাকতে হবে। নির্বাচিত ব্যক্তিকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা অথবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
নির্বাচিত পরিবারগুলোর তথ্য টিসিবির সেবা অ্যাপের মাধ্যমে তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। ফলে উপকারভোগীদের তথ্য ব্যবস্থাপনা ও কার্ডসংক্রান্ত কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার সুযোগ তৈরি হবে।
কার্ডে কী কী পণ্য মিলবে
নতুন নির্দেশিকা অনুযায়ী, একজন কার্ডধারী পরিবারকে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি দেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ থাকলে এর সঙ্গে পাঁচ কেজি চালও দেওয়া হবে। সরকার প্রয়োজন অনুযায়ী পণ্যের সংখ্যা, পরিমাণ ও মূল্য পরিবর্তন করতে পারবে।
পবিত্র রমজান ও ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত পণ্যের বাইরে সাধারণ মানুষের কাছেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করতে পারবে সরকার। এ ক্ষেত্রে ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ থাকবে।
বর্তমানে টিসিবির বিভিন্ন কার্যক্রমে তেল, ডাল, চিনি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী দামে বিক্রি করা হচ্ছে। সাম্প্রতিক বিক্রয় কার্যক্রমে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি কেজি চিনি ৭০ টাকা দরে বিক্রির তথ্য রয়েছে।
থাকবে কঠোর তদারকি
নতুন নির্দেশিকায় সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পৃথক তদারক কমিটি গঠনের কথা বলা হয়েছে। এসব কমিটি উপকারভোগী নির্বাচন, তথ্যভান্ডার তৈরি, কার্ড বিতরণ এবং পণ্য বিক্রির কার্যক্রম পর্যবেক্ষণ করবে।
ইউনিয়ন পর্যায়ে ‘ট্যাগ টিম’ ডিলারের দোকান ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করবে। কার্ডধারীরা নির্ধারিত পরিমাণ ও মূল্যে পণ্য পাচ্ছেন কি না, তা তারা পর্যবেক্ষণ করবে।
ডিলারের দোকানে পণ্যের ভোক্তা মূল্যতালিকা প্রদর্শন করতে হবে। একই সঙ্গে পণ্য পাওয়ার তারিখ ও সময়, মূল্য এবং বিতরণ করা পণ্যের সংখ্যা ও পরিমাণ সম্পর্কেও তথ্য জানাতে হবে।
স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিলারের দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনাও রাখা হয়েছে। পাশাপাশি টিসিবির গুদাম ব্যবস্থাপনা ও পণ্য সংরক্ষণেও নির্দিষ্ট নিয়ম মানতে হবে।
টিসিবির উপ-পরিচালক শাহাদত হোসেনের মতে, নতুন নির্দেশিকার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও শক্তিশালী হবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।