বাংলাদেশে চীনা বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা চালু করছে দেশের ব্যাংকগুলো। ইতিমধ্যে দেশি-বিদেশি ১৪টি ব্যাংক পৃথক ‘চায়না ডেস্ক’ চালু করেছে। কোনো কোনো ব্যাংক চীনে প্রতিনিধি অফিসও খুলেছে।
চীনা নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সহজে ব্যাংকিং সেবা দিতে এসব ডেস্কে মান্দারিন ভাষায় দক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। কোনো কোনো ব্যাংক চীনা নাগরিকদেরও নিয়োগ দিচ্ছে। চায়না ডেস্কের মাধ্যমে চীনা মুদ্রায় লেনদেন, মেগা প্রকল্পের হিসাব খোলা, প্রকল্প অর্থায়ন, ব্যাংক গ্যারান্টি, মাশুল জমা এবং বৈদেশিক বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।
সর্বশেষ ওয়ান ব্যাংক ও এনসিসি ব্যাংক চায়না ডেস্ক চালু করেছে। এর আগে আরও ১২টি ব্যাংক এ সেবা চালু করে। ব্যাংকগুলো হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, এইচএসবিসি বাংলাদেশ, ব্যাংক অব সিলন, হাবিব ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ইস্টার্ন ব্যাংক (ইবিএল), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), প্রাইম ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক।
সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, চায়না ডেস্ক চালুর ফলে চীনা বিনিয়োগকারী, বাংলাদেশি আমদানিকারক-রপ্তানিকারক এবং দুই দেশের ব্যবসায়িক অংশীদারদের মধ্যে আর্থিক যোগাযোগ বাড়ছে। বাণিজ্য অর্থায়ন, নগদ ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা লেনদেন ও প্রকল্প অর্থায়নের মতো সেবা দেওয়া হচ্ছে এসব ডেস্ক থেকে।
চীন-বাংলাদেশ বাণিজ্যের পরিসর
বর্তমানে বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। দেশের বড় অবকাঠামো প্রকল্পের নির্মাণসামগ্রী, সৌর ও তাপবিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম, প্রযুক্তি খাত এবং তৈরি পোশাকশিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতির বড় অংশ আমদানি করা হয় দেশটি থেকে। পাশাপাশি বৈদ্যুতিক ও ভোগ্যপণ্যের উল্লেখযোগ্য অংশও আসে চীন থেকে।
দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করতে বাংলাদেশের ব্যাংকগুলো চীনের ব্যাংক অব চায়না, আইসিবিসি, সিসিবি ও এবিসির মতো শীর্ষস্থানীয় ব্যাংকের সঙ্গে সরাসরি লেনদেন এবং নস্ট্রো হিসাব পরিচালনা করছে।
চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ বাণিজ্য ১০ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
তবে চীন থেকে বাংলাদেশ যে পরিমাণ পণ্য আমদানি করে, তার ১০ শতাংশও দেশটিতে রপ্তানি করতে পারে না। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় ঘাটতি রয়েছে বাংলাদেশের। চীন থেকে বিনিয়োগ এলেও তা এখনো তুলনামূলক কম। বিনিয়োগ বাড়াতে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলা হয়েছে চীন অর্থনৈতিক অঞ্চল।
চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশে চীনের পুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। ২০২৫ সালে বাংলাদেশে চীনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
দূতাবাসের তথ্য বলছে, নতুন সরকার গঠনের পর থেকে চীনের পাঁচটি প্রতিষ্ঠান বাংলাদেশে ১০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। এসব বিনিয়োগের ফলে প্রায় ২০ হাজার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিয়ত বাড়ছে। আগে দেশটি থেকে মূলত আমদানি হলেও এখন চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। ফলে তাদের ব্যাংকিং সেবার চাহিদাও বেড়েছে। এ কারণেই দেশের ব্যাংকগুলো চায়না ডেস্ক চালু করছে।
চীনা ব্যবসায়ীদের জন্য ব্যাংকগুলোর বিশেষ সেবা
চীনা ব্যবসায়ীদের সেবা দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ২০১৬ সালে ‘চায়না ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডেস্ক’ চালু করে। ২০২১ সালে এ কার্যক্রম আরও জোরদার করা হয়। ব্যাংকটি চীনা নাগরিকদের নিয়োগের পাশাপাশি চীনের সঙ্গে সিন্ডিকেট অর্থায়নও শুরু করে।
প্রিমিয়ার ব্যাংক ২০১২ সালে এবং এমটিবি ২০১৮ সাল থেকে বৈদেশিক বাণিজ্য ও এফডিআই হেল্প ডেস্কের মাধ্যমে চীনা ব্যবসায়ীদের সেবা দিয়ে আসছে। ইস্টার্ন ব্যাংক ২০১৯ সালে চীনের গুয়াংজুতে নিজস্ব প্রতিনিধি অফিস খোলে। পরে ২০২৩ সালে ঢাকায় চীনা নাগরিকদের জন্য পৃথক বিজনেস ডেস্ক চালু করে।
ইউসিবি ২০১৯ সালে চীনা নাগরিকদের জন্য বিশেষ সেবা কাউন্টার চালু করে। একই বছর প্রাইম ব্যাংক চায়না ডেস্ক চালু করে। ওই সময় বহুজাতিক ব্যাংক এইচএসবিসি বাংলাদেশও চায়না ডেস্ক খোলে।
এ ছাড়া হাবিব ব্যাংক ২০২০ সালে এবং দ্য সিটি ব্যাংক ২০২২ সালে এ সেবা চালু করে। সম্প্রতি সিটি ব্যাংকের এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। ব্যাংক অব সিলন ২০২৩ সালে চায়না ও ইউয়ান মুদ্রাকেন্দ্রিক বিশেষ সেবা চালু করে।
ব্র্যাক ব্যাংক ২০২৪ সালে করপোরেট ব্যাংকিংয়ের আওতায় মান্দারিন ভাষায় দক্ষ কর্মকর্তাদের নিয়ে চায়না ডেডিকেটেড ডেস্ক চালু করে। মিডল্যান্ড ব্যাংক ২০২৫ সালে এ সেবা শুরু করে। চলতি বছর ওয়ান ব্যাংক ও এনসিসি ব্যাংকও চায়না ডেস্ক চালু করেছে। এরই মধ্যে ওয়ান ব্যাংক এ ডেস্কের মাধ্যমে প্রায় দুই কোটি ডলারের লেনদেন করেছে।
ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, গ্লোবাল করিডর কৌশলের অংশ হিসেবে চলতি বছর চায়না ডেস্ক চালু করা হয়েছে। এর উদ্দেশ্য বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংযোগ জোরদার করা। পাশাপাশি দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য সমন্বিত ও সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, বাংলাদেশের আমদানিনির্ভর শিল্প, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানিমুখী খাতের বিকাশে চীনের সঙ্গে বাণিজ্যিক সংযোগ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক স্থাপন করেছে ওয়ান ব্যাংক। আরও চীনা বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের কাজ চলছে।
বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে যেসব চীনা প্রতিষ্ঠান
বাংলাদেশের বিদ্যুৎ, অবকাঠামো নির্মাণ ও বাণিজ্য খাতের বিভিন্ন প্রকল্পে বড় পরিসরে কাজ করছে চীনের একাধিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান দেশের বিভিন্ন ব্যাংকে হিসাব পরিচালনা করছে। ব্যাংকগুলোতে আমানত রাখা, বিনিয়োগ আনা এবং ব্যাংক গ্যারান্টি সুবিধা নেওয়ার মতো কার্যক্রমও রয়েছে তাদের।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিভিন্ন প্রকল্পে বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ ও প্রকৌশলগত কাজ করছে বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠান।
এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিসিসি ইঞ্জিনিয়ারিং, জিয়াংসু ইটার্ন, ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি, চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন, চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন, চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপ, চায়না ওয়ানবাও ইঞ্জিনিয়ারিং করপোরেশন, ইউএস-ডিকে গ্রিন এনার্জি বিডি, নরিনকো ইন্টারন্যাশনাল, সানসিংস স্মার্ট ইলেকট্রিক বাংলাদেশ কোম্পানি ও হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি।
বৃহৎ অবকাঠামো, সড়ক, সেতু, রেলওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর নির্মাণ প্রকল্পেও যুক্ত রয়েছে চীনা কোম্পানিগুলো। এর মধ্যে রয়েছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি, চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি, সিআরসিসি হারবার, পাওয়ার চায়না হুপেই কনস্ট্রাকশন, চায়না রেলওয়ে ব্রিজ গ্রুপ, জিয়াংসু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ, চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ, চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন, চায়না রেলওয়ে ১৬তম ব্যুরো গ্রুপ করপোরেশন, চায়না শানডং ইন্টারন্যাশনাল, সিনোহাইড্রো, বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ, চায়না শানডং হাই-স্পিড কিয়ানফাং ইন্টারন্যাশনাল টেকনোলজি, পাওয়ার চায়না হারবার কোম্পানি, হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ, টিবিইএ কোম্পানি ও চায়না হেবেই কনস্ট্রাকশন।
এ ছাড়া ব্যবসা-বাণিজ্য খাতে বৈদ্যুতিক ও বাণিজ্যিক পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছে সানি ট্রেন্ড (এইচকে) কোম্পানি, জিউনুও (বাংলাদেশ) ম্যাটেরিয়ালস কোম্পানি, হেংচেন জিয়াসেং ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল কোম্পানি এবং অ্যাডেলিন বিউটি টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানিসহ বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠান।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।