দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় বেড়েছে ১২ কেজির সিলিন্ডারের দাম। এক মাসের ব্যবধানে এলপিজির আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় তৈরি হয়েছে সংকট। এর সুযোগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডারপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।
বিইআরসি ও এলপিজি আমদানিকারকদের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে প্রায় ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হয়েছিল। সেপ্টেম্বরে সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টনে। অর্থাৎ এক মাসে আমদানি কমেছে প্রায় ৪০ হাজার টন।
এদিকে চলতি মাসের ২ সেপ্টেম্বর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে নির্ধারিত দরের সঙ্গে বাজারদরের বড় ব্যবধান তৈরি হয়েছে। বর্তমানে খুচরা বাজারে একটি ১২ কেজির সিলিন্ডার কিনতে ভোক্তাদের ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে এলপিজি সরবরাহ ব্যবস্থায়। লোহিত সাগর ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে অচলাবস্থা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জাহাজের সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে বেড়েছে পণ্য পরিবহনের খরচ।
বাংলাদেশের এলপিজির প্রধান আমদানি উৎস মধ্যপ্রাচ্য হওয়ায় নৌপথের এই সংকট সরাসরি দেশের বাজারে প্রভাব ফেলছে। বিকল্প পথে পণ্য আনতে সময় ও পরিবহন ব্যয় দুটিই বেড়েছে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।
মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আবু সাঈদ রেজা বলেন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো পর্যাপ্ত কার্গো পাওয়া যাচ্ছে না। আগে একটি নৌপথ বন্ধ থাকলে অন্য পথ দিয়ে পণ্য আনা সম্ভব হতো।
তিনি জানান, দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও অনেক বৈশ্বিক সরবরাহকারী সরবরাহ প্রায় ২০ শতাংশ কমিয়ে দিয়েছে। এমনকি বাড়তি প্রিমিয়াম দেওয়ার পরও খোলাবাজার থেকে প্রয়োজনীয় কার্গো সংগ্রহ করা যাচ্ছে না।
আমদানিকারকেরা বলছেন, বিশ্ববাজারে বাড়তি প্রিমিয়াম ও পরিবহন ব্যয়ের যে চাপ তৈরি হয়েছে, তা বিইআরসির মাসিক মূল্য নির্ধারণের সূত্রে পুরোপুরি সমন্বয় হচ্ছে না। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সদস্যদের দাবি, বিশ্ববাজারে এলপিজি কার্গোর প্রিমিয়াম টনপ্রতি ১৬০ ডলার থেকে বেড়ে ২৬০ থেকে ৪০০ ডলারে পৌঁছেছে।
তাদের মতে, বিইআরসির নির্ধারিত দরে এলপিজি বিক্রি করে এই বাড়তি ব্যয় সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে। ফলে লোকসান এড়াতে অনেক আমদানিকারক আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছেন।
ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজীম চৌধুরী বলেন, সেপ্টেম্বরে তাদের প্রতিষ্ঠান প্রায় ৩০ হাজার টন এলপিজি আমদানি করেছে। বৈশ্বিক সংকটের কারণে উৎপাদক পর্যায়েও সরবরাহে বিঘ্ন ঘটছে। তবে পরিস্থিতি সামাল দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানান তিনি।
দেশে বছরে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে। এর প্রায় ৮০ শতাংশ গৃহস্থালির রান্নার কাজে ব্যবহৃত হয়। মোট চাহিদার প্রায় ৯৯ শতাংশই বেসরকারি খাতের মাধ্যমে সরবরাহ করা হয়।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, কিছু প্রতিষ্ঠানের নির্ধারিত জাহাজ যথাসময়ে দেশে পৌঁছাতে না পারায় সেপ্টেম্বরে বাজারে ঘাটতি তৈরি হয়েছে। সংকট নিরসনে দ্রুত আমদানিকারকদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।
তবে বৈশ্বিক নৌপথের জটিলতা দ্রুত না কাটলে এবং প্রয়োজনীয় কার্গো নিশ্চিত করা না গেলে অক্টোবরেও এলপিজির এই সংকট অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিইআরসি চেয়ারম্যান।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।