বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এ হামলায় ৬৩০ কোটি ডলার মূল্যের ডিজিটাল সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটিকে ক্রিপ্টোকারেন্সি খাতের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাইন্যান্স জানায়, ক্ষতিগ্রস্ত সম্পদের প্রায় অর্ধেক জব্দ করা সম্ভব হয়েছে। তবে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ এখনো হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় গ্রাহকদের সব ধরনের ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে এক প্রকৌশলীর ল্যাপটপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বাইন্যান্সের ভাষ্য অনুযায়ী, ল্যাপটপটি হ্যাক হওয়ার পর সেটি ব্যবহার করে হামলাকারীরা অনুমতি ছাড়াই অর্থ উত্তোলন করতে সক্ষম হয়।
দুটি ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এ হামলার জন্য উত্তর কোরিয়ার ‘ট্রেডারট্রেইটর’ নামের একটি হ্যাকার গোষ্ঠীকে দায়ী করেছে। তাদের দাবি, এ ঘটনা ২০২৫ সালে বাইবিট এক্সচেঞ্জে সংঘটিত ১৫০ কোটি ডলারের হ্যাকিংয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর তদন্তকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস এক প্রতিবেদনে জানিয়েছে, বাইন্যান্সে হামলার বেশ কয়েকটি বৈশিষ্ট্যের সঙ্গে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট আগের সাইবার হামলার মিল রয়েছে। এর মধ্যে বাইবিটে সংঘটিত হ্যাকিংয়ের ঘটনাও রয়েছে।
টিআরএম ল্যাবসের বৈশ্বিক নীতিবিষয়ক প্রধান অ্যারি রেডবোর্ড বলেন, বাইন্যান্সে হ্যাকিংয়ের ঘটনা ক্রিপ্টোকারেন্সি শিল্পের জন্য একটি ‘নজিরবিহীন মুহূর্ত’। এ ধরনের ঘটনা আগে এ শিল্পে দেখা যায়নি।
তিনি আরও বলেন, হামলাকারীদের হাতে এখনো বিপুল পরিমাণ চুরি করা সম্পদ রয়েছে। ফলে এসব অর্থের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা এখনো অনেক দূর এগোতে হবে।
আরেক ক্রিপ্টো বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসও জানিয়েছে, এ হ্যাকিংয়ের সঙ্গে উত্তর কোরীয় হ্যাকার গোষ্ঠীর সংশ্লিষ্টতার বিষয়ে তারা আত্মবিশ্বাসী। প্রতিষ্ঠানটির গবেষণাপ্রধান এরিক জার্ডিন সব ক্রিপ্টো এক্সচেঞ্জকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, বিপুল পরিমাণ সম্পদ থাকার কারণে এসব প্ল্যাটফর্ম হ্যাকারদের কাছে আকর্ষণীয় লক্ষ্যবস্তু।
উত্তর কোরিয়ার সঙ্গে ঘটনার সম্ভাব্য যোগসূত্র নিয়ে বিবিসির প্রশ্নের সরাসরি জবাব দেয়নি বাইন্যান্স। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অপরাধীদের পরিচয় নিশ্চিত করা এবং তাদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।
এ ঘটনা বাইন্যান্স ডটকমের সঙ্গে সংশ্লিষ্ট। তবে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের সেবা দেওয়া তুলনামূলক ছোট প্ল্যাটফর্ম বাইন্যান্স ইউএস জানিয়েছে, এ ঘটনায় তাদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়নি।
২৪০ কোটি ডলারের সম্পদ জব্দ টেথার ও সার্কেলের
বাইন্যান্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা ই হে একাধিক পোস্টে সম্পদ জব্দে সহযোগিতার জন্য বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ইস্যুকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘নিরাপত্তাই প্রথম। পরিবেশ নিরাপদ বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত আপাতত অর্থ উত্তোলন বন্ধ রাখা হয়েছে।’
এদিকে বড় দুটি ক্রিপ্টো প্ল্যাটফর্ম টেথার ও সার্কেল জানিয়েছে, বাইন্যান্সে সম্ভাব্য হ্যাকিংয়ের ঘটনায় সংশ্লিষ্ট মোট প্রায় ২৪০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে তারা।
সার্কেলের প্রধান নির্বাহী কর্মকর্তা জেরেমি অ্যালেয়ার বলেন, বাইন্যান্সে সম্ভাব্য সাইবার হামলার খবর তাঁরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৮০ কোটির বেশি ডলারের সম্পদ জব্দ করেছে তাঁর প্রতিষ্ঠান। সার্কেল বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন ডলারভিত্তিক ক্রিপ্টোকারেন্সি ইউএসডিসির ইস্যুকারী ও সহ-উদ্যোক্তা।
অন্যদিকে টেথারের প্রধান নির্বাহী কর্মকর্তা পাওলো আরদোইনো জানান, বাইন্যান্সে সম্ভাব্য হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৬০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে তাঁর প্রতিষ্ঠান।
তিনি বলেন, ‘শিল্প খাত ও আমাদের অংশীদারদের সুরক্ষা দেওয়া আমাদের প্রধান অগ্রাধিকার।’ আরদোইনোর প্রতিষ্ঠান ইউএসডিটি নামের ক্রিপ্টোকারেন্সি ইস্যু করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল জানিয়েছে, চুরি হওয়া অর্থ জব্দ করতে তারা অংশীদারদের সঙ্গে কাজ করেছে। এ ঘটনায় কয়েনবেসের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা।
হ্যাকিংয়ের খবরে বিটকয়েনের দরপতন
বাইন্যান্স নিরাপত্তা সমস্যার কথা নিশ্চিত করার কয়েক ঘণ্টা আগেই ক্রিপ্টোকারেন্সি খাতের কয়েকজন পর্যবেক্ষক সম্ভাব্য হ্যাকিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
২০১৭ সালে চীনে প্রতিষ্ঠিত বাইন্যান্স ব্যবহারকারীদের ডিজিটাল সম্পদ কেনাবেচার সুযোগ দেয়। বিশ্বজুড়ে এ প্ল্যাটফর্মের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটির বেশি বলে ধারণা করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার নজরদারির মধ্যেও রয়েছে এক্সচেঞ্জটি। ২০২৪ সালে বাইন্যান্স জানিয়েছিল, তাদের হেফাজতে থাকা সম্পদের পরিমাণ ১৬ হাজার কোটি ডলারের বেশি।
হ্যাকিংয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিটকয়েনের দাম ৪ শতাংশের বেশি কমে যায়। ইথেরিয়াম ও সোলানাসহ অন্যান্য বড় ক্রিপ্টোকারেন্সির দামও উল্লেখযোগ্যভাবে কমেছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।