অর্থবছরের শুরুতেই ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশের ব্যয় হয়েছে ৮ হাজার ৬২৬ কোটি টাকা। জুলাই ও আগস্ট এই দুই মাসে মূল ঋণের কিস্তি ও সুদ বাবদ এ অর্থ পরিশোধ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধ করেছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।

চলতি অর্থবছরের জুলাই-আগস্টে পরিশোধিত অর্থের বড় অংশ গেছে মূল ঋণের কিস্তি পরিশোধে। এ খাতে বাংলাদেশ পরিশোধ করেছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা।

অন্যদিকে, একই সময়ে বিদেশি ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।

এদিকে, ঋণ পরিশোধের পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড়ও হয়েছে। জুলাই ও আগস্টে বিভিন্ন প্রকল্পের বিপরীতে মোট ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার ঋণের অর্থছাড় হয়েছে।

এ সময়ে বাংলাদেশ নতুন করে ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতিও পেয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ে নতুন ঋণ প্রতিশ্রুতির পরিমাণ ছিল কিছুটা বেশি ২৪ কোটি ৩৮ লাখ ডলার।

অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতিতে সামান্য পরিবর্তন দেখা গেলেও বিদেশি ঋণের অর্থছাড় অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।