এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় সোনা

এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।

বৃহস্পতিবার ইরাকের সোলাইমানিয়াহতে অনুষ্ঠিত ফাইনালে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হেরে পিছিয়ে পড়েন আলিফ, সাগর ও রাফি। তবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে পরের তিন সেটেই জয় তুলে নেন তাঁরা।

দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্টে জিতে প্রতিপক্ষকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬-২ সেট পয়েন্টের জয় নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন দেশের আর্চাররা।

এর আগে সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়ায় শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার পথে বাড়তি সুবিধা পেয়েছিল দলটি।

এই জয়ের মধ্য দিয়ে চলতি এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। এখন পর্যন্ত দুটি করে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের আর্চাররা।

এর আগে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদক জেতেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি। এ ছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ।

ব্যক্তিগত ইভেন্টেও সাফল্য পেয়েছেন দেশের আর্চাররা। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি জিতেছেন ব্রোঞ্জপদক। দলগত ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে ধারাবাহিক এই সাফল্যে এবারের আসরে বাংলাদেশের পদকসংখ্যা বেড়ে ছয়ে পৌঁছেছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।