২০০ মুখোশধারীর তাণ্ডব ও লুটপাট: অবশেষে প্রত্যাহার শাহ আলী থানার ওসি

 রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ মধ্যরাতে বর্বরোচিত হামলা, লুটপাট ও ভারী যন্ত্র দিয়ে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে প্রশাসনিক এই ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএমপির মিরপুর বিভাগের শাহ আলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলমকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে এই নারকীয় তাণ্ডব চালানো হয়। অভিযোগ রয়েছে, গভীর রাতে অতর্কিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রথমেই সেখানে প্রহরারত দুজন নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে।

পরবর্তীতে তারা পুরো স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায় এবং বিভিন্ন মূল্যবান চিকিৎসাসেবা সরঞ্জাম, ওষুধ, গুরুত্বপূর্ণ টিকা, নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল লুটপাট করে নিয়ে যায়। শুধু লুটপাট চালিয়েই ক্ষান্ত হয়নি হামলাকারীরা; ঘটনার সাথে সাথেই ভারী বুলডোজার ও যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ভবন ও তিনটি আধাপাকা ভবনসহ সম্পূর্ণ স্থাপনাটি গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেয়। এ ধরনের একটি বড় মাপের ধ্বংসযজ্ঞ চলাকালে পুলিশের সময়োপযোগী পদক্ষেপ না নেওয়ার তীব্র অভিযোগ ওঠে।

উল্লেখ্য, স্বাধীনতা-উত্তর ১৯৭৪ সালে মিরপুর ও এর আশপাশের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও নিম্নআয়ের মা এবং শিশুদের চিকিৎসাসেবা প্রদানের মহান ব্রত নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি যাত্রা শুরু করে। দীর্ঘ ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি শিশুদের নিয়মিত টিকাদান, সাধারণ শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ নানা ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা দিয়ে আসছিল। সেবামূলক এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।