রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও ১১ দলীয় জোটের শীর্ষ সমন্বয়ক ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসভবনে অতর্কিত হামলা ও ‘মব’ সৃষ্টির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ এপ্রিল) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ যখন ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে, তখন আন্দোলনের সামনের সারিতে থাকা একজন নেতার ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কীভাবে একদল উশৃঙ্খল ‘মব’ সৃষ্টি করে বিএনপি নামধারী একদল কর্মী-সমর্থক এই ন্যাক্কারজনক হামলা চালাল, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং তার দল জাগপা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। অথচ এখন তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় ও বাসভবন লক্ষ্য করে যে সন্ত্রাস চালানো হয়েছে, তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। মিয় গোলাম পরওয়ার অবিলম্বে এই হামলার সাথে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
জামায়াত নেতা স্পষ্ট ভাষায় বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে অবিলম্বে রাশেদ প্রধানের বাসভবন ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করতে হবে। একইসঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। হামলার হোতারা যে দলেরই হোক না কেন, তাদের বিচার না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে তিনি সতর্ক করে দেন।
উল্লেখ্য, মোহাম্মদপুরে অবস্থিত রাশেদ প্রধানের বাসভবনের সামনে গত কয়েকদিন ধরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, যার চূড়ান্ত রূপ নেয় এই ‘মব’ হামলা। ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া