‘হানিট্র্যাপে’ প্রতারণা, গ্রেপ্তার ৪ নারী

চাঁদপুর শহরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সদর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি ভুক্তভোগীর পথরোধ করেন। পরে তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগে বলা হয়, সেখানে সাইফুলকে মারধর করে জোরপূর্বক এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করা হয়। এরপর এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে তাকে ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, চক্রের সদস্যরা বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এবং তার সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নিয়ে নেয়। পরে কৌশলে এক স্বজনকে ফোন করে বিষয়টি জানান তিনি।

খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় চার নারীকে আটক করা হয়। তবে চক্রটির আরও কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।