আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে পুলিশি হেফাজত থেকে পালিয়েছেন ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম।
পলাতক রাজা ওরফে পিচ্চি রাজার বাবার নাম মোতালেব। তিনি ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতেন।
কারা কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রোববার সকালে রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।
প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগারে যাওয়ার কথা জানান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে কৌশলে তিনি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান বলে জানানো হয়েছে।
ঘটনার পর পলাতক আসামিকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি তার স্ত্রী ও শ্যালকসহ নেপাল থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে অবস্থান করছিলেন। ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।