রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে দুই মন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘এই দুজন মন্ত্রীই তাঁদের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তাঁরা যদি পদত্যাগ না করেন, তাহলে দেশের সর্বত্র আমরা মিছিল করব। সেই মিছিল নিয়ে আমরা জনাব তারেক রহমানকে (প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান) ঘেরাও করে আমাদের দাবি আদায় করে ছাড়ব, ইনশা আল্লাহ।’
‘দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে’ এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাহাজানি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলার অবনতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, মানুষের নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে সালাহউদ্দিন আহমদ সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত রয়েছেন। গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান কাটাছেঁড়ার দায়িত্ব নেওয়ার অভিযোগ তুলে চলমান নৈরাজ্য ও গুম-খুনের দায় নিয়ে তাঁকে পদত্যাগ করতে হবে বলে দাবি করেন নাহিদ। একই সঙ্গে জ্বালানিমন্ত্রীকেও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে পদত্যাগের আহ্বান জানান তিনি।
‘নতুন স্বৈরাচারের উত্থান দেখছি’
বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার পরিকল্পনা নেই বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের পরিকল্পনা নিয়েই তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন।
নাহিদ বলেন, ‘আমরা এক স্বৈরাচারকে বিদায় করে এখন নতুন স্বৈরাচারের উত্থান দেখছি। কিন্তু জনগণের সামনে আমাদের প্রতিশ্রুতি, পতিত স্বৈরাচার এবং এই নব্য স্বৈরাচার এই দুই স্বৈরাচারকেই আমরা পরাজিত করব, ইনশা আল্লাহ।’
আগামী ডিসেম্বরে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গেও কথা বলেন এনসিপির আহ্বায়ক। তাঁর ভাষ্য, বর্তমান সরকার শেখ হাসিনাকে মোকাবিলা করতে পারবে না। এ পরিস্থিতিতে তরুণ ও জুলাই গণ-অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
করিডর ও গঙ্গা চুক্তি নিয়ে বক্তব্য
সীমান্তে হত্যা, পাহাড়ে অশান্তি, আসাম ও পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতন এবং দিল্লিতে মসজিদ ভেঙে দেওয়ার পরিকল্পনার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার ভারতের চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না।
জাপান সফরে গিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে অবৈধ করিডর দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ বলেন, বাংলাদেশের জনগণ এ ধরনের কোনো অবৈধ করিডর মেনে নেবে না।
আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি ন্যায্যভাবে নতুন করে করা না হলে জনগণ আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা থেকে কোনো ছাড় দেওয়া হবে না।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গও তুলে ধরেন নাহিদ। তাঁর অভিযোগ, অতীতে পরিকল্পনা ও ষড়যন্ত্র করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা-৮ আসনে হারানো হয়েছিল। এবার তাঁকে হারতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানির দাম নিয়ে প্রশ্ন আখতার হোসেনের
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, কলকাতায় এলপিজির দাম যেখানে এক হাজার টাকা, সেখানে বাংলাদেশে একই গ্যাস কিনতে হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়। কলকাতায় ইরান যুদ্ধের প্রভাব পড়ে না কি না, সে প্রশ্ন তুলে জ্বালানিমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা দাবি করেন তিনি।
সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিও জানান আখতার হোসেন। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। এ ছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও আকরাম হুসাইন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা আলম, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার বক্তব্য দেন।
শাহবাগে কয়েক হাজার নেতা-কর্মীর জমায়েত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এনসিপির মাঠপর্যায়ের অন্যতম বড় কর্মসূচি হিসেবে এ গণবিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। জাতীয় জাদুঘরের সামনের চত্বর ও আশপাশের সড়কে অবস্থান নেন তাঁরা।
সমাবেশ শুরুর নির্ধারিত সময় ছিল বেলা তিনটা। এর আগেই বাংলামোটরে এনসিপির কার্যালয়ের নিচে এবং শাহবাগ এলাকায় নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা সাড়ে তিনটার দিকে দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশস্থলে আসেন। পরে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা যোগ দেন।
বিকেল পৌনে চারটার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির একটি বড় মিছিল এবং সোয়া চারটার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর এনসিপির আরেকটি মিছিল সমাবেশস্থলে প্রবেশ করে।
বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন, আতিক মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ ও নুসরাত তাবাসসুম সমাবেশে উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।