সরকারের সমালোচনা করে গ্রেপ্তার, সাথীর মুক্তি চায় মহিলা জামায়াত

ফেসবুকে সরকারের সমালোচনা করার অভিযোগে গ্রেপ্তার সাথী আক্তারকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে মহিলা জামায়াতে ইসলামী। সংগঠনটির মহিলা বিভাগের সেক্রেটারি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা এ দাবি জানান।

বুধবার (২৮ অক্টোবর) মহিলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে নুরুন্নিসা সিদ্দিকা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশ করা নাগরিকের অধিকার। নাগরিকেরা তাঁদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করার পাশাপাশি প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে না পারলে তাঁদের সমালোচনাও করতে পারেন। তাঁর দাবি, সাথী আক্তারেরও মতপ্রকাশের অধিকার রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে মব সৃষ্টি করা হয়েছে। সাথীর নিরাপত্তা নিশ্চিত না করে তাঁকে গ্রেপ্তারের ঘটনাকে নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

নুরুন্নিসা সিদ্দিকা বলেন, মহিলা জামায়াত মনে করে, এ ঘটনার মধ্য দিয়ে সরকারের অসহিষ্ণু আচরণের প্রকাশ ঘটেছে। তাঁর অভিযোগ, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। বরং ভিন্নমত প্রকাশের কারণে একজন নারীকে রাষ্ট্রীয় রোষানলে পড়তে হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা বিরোধী মত দমনের প্রচেষ্টার ইঙ্গিত দেয়, যা চব্বিশ-পরবর্তী বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত। ঘটনার নিন্দা জানিয়ে সাথী আক্তারকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন।

এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাথী আক্তারকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে বিকেল ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাথী আক্তারকে পুলিশের হাতে তুলে দেন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।