শেখ হাসিনার সরকারের সময়ে মেগা প্রকল্পের মাধ্যমে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তার দাবি, বড় প্রকল্পগুলোতে বড় অঙ্কের অর্থ ব্যয়ের সুযোগ থাকায় সেখানে দুর্নীতির সুযোগও তৈরি হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খাঁ সড়কের শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শেখ হাসিনার সরকার মেগা প্রকল্প বাস্তবায়নের নামে বড় অঙ্কের অর্থ লুটপাট করেছে। তার ভাষায়, মেগা প্রকল্পের মধ্য দিয়ে মেগা দুর্নীতি করার সুযোগ তৈরি হয়।
শিবির সভাপতি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। তার দাবি, এই অর্থ দিয়ে পদ্মা সেতুর মতো ১০ থেকে ১২টি সেতু নির্মাণ করা সম্ভব ছিল।
তবে ২০২৪ সালের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্রে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলারের অবৈধ অর্থপ্রবাহের হিসাব তুলে ধরা হয়েছিল এ তথ্যের ভিত্তিতেই তিনি এ বক্তব্য দেন।
দেশের রাজনীতিবিদদের পরিবারের জীবনযাপন নিয়েও কথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, দেশের এমপি-মন্ত্রীদের সন্তানরা দেশে পড়াশোনা করেন না এবং তারাও চিকিৎসার জন্য বিদেশে যান। সরকারি হাসপাতালেই এমপি-মন্ত্রীদের চিকিৎসা নেওয়ার পরিবেশ তৈরি হওয়াকে তিনি দেশের উন্নতির একটি সূচক হিসেবে উল্লেখ করেন।
দেশে মেধার ঘাটতি নেই দাবি করে শিবির সভাপতি বলেন, বাংলাদেশের মানুষের মেধা নিয়ে কোনো সংকট নেই। বরং দেশের বড় সংকট হচ্ছে সততা ও দেশপ্রেমের ঘাটতি।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি আমজাদ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।