মা কাজে যাচ্ছিলেন। তাঁকে অনুসরণ করে বাড়ি থেকে বের হয়েছিল দুই মেয়ে। কিন্তু মায়ের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে মহাসড়কের পাশে হাঁটার সময় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারায় দুই বোন। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত হয়েছে আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬)।
নিহত দুই শিশু পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার ছোট বোন রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শ্রেণিতে পড়ত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তাঁর পিছু নেয় দুই মেয়ে। তারা তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত মায়ের সঙ্গে যায়। সেখানে ফাতেমা তাদের বাড়ি ফিরে যেতে বলেন।
এরপর মায়ের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে দুই বোন মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় শেরপুরগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। স্থানীয় মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ২৯ মিনিটে দুই শিশু সড়কের পাশ ধরে হাঁটছিল। এ সময় নীল ও হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে মনে করছেন না বলে জানিয়েছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাঁর মনে হয়েছে, কাভার্ড ভ্যান চালানোর সময় চালক ঘুমিয়ে ছিলেন। এ কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
নিহত দুই শিশুর মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।