মাছ ধরে ফেরার পথে প্রাণ গেল সুজনের, আহত ৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ও আহত ব্যক্তিরা সবাই উপজেলার বান্টি এলাকার মালুপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা রূপগঞ্জের আধুরিয়া থেকে মাছ ধরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার যাত্রী সুজন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন আরও সাতজন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢাকার লালমাটিয়ায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং গাউছিয়া এলাকার একটি হাসপাতালে নিয়ে যান।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।