মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

ফেনীর দাগনভূঞায় মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে রানু আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে রানু আক্তার অস্বাভাবিক আচরণ করছিলেন। সম্প্রতি তিনি তাঁর স্বামীকেও মারধর করেন। এরপর পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁর মানসিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা চলছিল।

রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে ধারালো বটি দিয়ে তাঁর মাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। এরপর রানু হাতে বটি নিয়ে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে ছোটাছুটি করতে থাকেন এবং দরজা ভেতর থেকে আটকে রাখেন।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পর পুলিশ বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত রানুকে আটক করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রানুর মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছে। তাঁকে আটক করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।