বিনামূল্যে খতনা, দুই দিন পর ৫০ শিশুর ইনফেকশন

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনা কর্মসূচির পর অর্ধশতাধিক শিশুর ক্ষতস্থানে ইনফেকশন ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে অসুস্থ শিশুদের নিয়ে স্বজনেরা সেন্টমার্টিন দ্বীপ হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে যান। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপের অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনা কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, একজন এমবিবিএস চিকিৎসকের নেতৃত্বে ১৪ সদস্যের মেডিকেল টিম ওই কর্মসূচিতে ৫ থেকে ১৫ বছর বয়সী ২১০ শিশুর খতনা করে। পরে শিশুদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল টিমটি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অনুমতি নিয়ে সেন্টমার্টিনে পৌঁছেছিল।

তবে খতনা করানোর দুই দিনের মধ্যে অর্ধশতাধিক শিশুর ক্ষতস্থানে ইনফেকশন ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় বলে স্বজনদের অভিযোগ। তাদের মধ্যে মো. ফয়সাল ও আইনুল ইসলাম নামে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টেকনাফে রেফার করা হয়েছে।

অভিভাবকদের অভিযোগ, বিনামূল্যে চিকিৎসাসেবার কথা বলা হলেও প্রথমে জনপ্রতি ১০০ টাকা এবং পরে ৭০০ টাকা করে নেওয়া হয়েছে। নিম্নমানের চিকিৎসা, অপরিকল্পিত সেলাই ও সঠিকভাবে ওষুধ না দেওয়ার কারণে শিশুদের এমন পরিস্থিতি হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

স্বজনেরা জানান, খতনা করানোর পর থেকেই কোনো কোনো শিশুর ক্ষতস্থানে ব্যথা, ফুলে যাওয়া ও পুঁজ দেখা দেয়। এর পর পরিস্থিতির অবনতি হলে তারা শিশুদের নিয়ে সেন্টমার্টিন হাসপাতালে আসেন। এদিকে কর্মসূচি শেষ হওয়ার পর মেডিকেল টিমটি দ্রুত দ্বীপ ত্যাগ করেছে বলেও স্থানীয়দের অভিযোগ।

সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম জানান, খতনা করানো প্রায় অর্ধশতাধিক শিশু হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তাদের অনেকের ক্ষতস্থানে ইনফেকশন ও অতিরিক্ত রক্তক্ষরণ দেখা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন শিশুর অবস্থা গুরুতর হওয়ায় টেকনাফে রেফার করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, গত ৪ অক্টোবর আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ওই কর্মসূচি আয়োজন করা হয়। সেখানে ২১০ শিশুর খতনা করা হয়েছিল। দুই দিন পর কিছু শিশুর রক্তক্ষরণ শুরু হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এনামুল হক জানান, সেন্টমার্টিনে একটি মেডিকেল টিম দুই শতাধিক শিশুর খতনা করেছে। এর মধ্যে অর্ধশতাধিক শিশু ইনফেকশন ও রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে ওই মেডিকেল টিমের দ্বীপে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনার বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে কেউ অবহিত করেনি বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, খতনা করানোর পর বেশ কিছু শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা তিনি শুনেছেন। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। মেডিকেল টিমের গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।