বিএনপি সরকার পুরোনো স্বৈরাচারী পথ অনুসরণ করছে: জামায়াত আমির

বিএনপি সরকার আগের স্বৈরাচারের পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর গত সাত মাসে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার। বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হওয়ায় এখন থেকে সরকারকে নয়, দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনায় এসব কথা বলেন শফিকুর রহমান। ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

বিএনপি অতীত ভুলে গেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপি তাদের মতোই একটি রাজনৈতিক দল ছিল। কিন্তু এরপর দলটি রাতারাতি নিজেদের অতীত ভুলে গেছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও গণভোটের প্রশ্নে তাদের মধ্যে কোনো ভিন্নমত ছিল না বলে দাবি করেন তিনি।

শফিকুর রহমান বলেন, জামায়াত চেয়েছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক, যাতে বিষয়টি অনিশ্চয়তার মুখে না পড়ে। কিন্তু বিএনপি তা চায়নি। বরং একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, শেষ পর্যন্ত একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন সংসদ সদস্যকে দুটি শপথ নেওয়ার কথা জানানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্টরা তা নেননি। তাঁর অভিযোগ, ওই সময় থেকেই বিএনপির আচরণে উগ্রতা প্রকাশ পেয়েছে।

‘বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে সরকার’

সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়েও বিএনপির সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাঁর অভিযোগ, এর মধ্য দিয়ে জাতির প্রতি ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ধারা অব্যাহত রাখা হয়েছে।

শফিকুর রহমান বলেন, বিএনপি এখন যুক্তি দেখানোর চেষ্টা করছে যে জনগণ ভোটের মাধ্যমে সরকার গঠন করে পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তবে দুটি ভোটের যথাযথ মূল্যায়ন করা হলে বিরোধী দলকে সংসদের বাইরে আন্দোলনে যেতে হতো না বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সরকারের সিদ্ধান্তই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে।

বিরোধী দলের এমপিদের বরাদ্দ না দেওয়ার অভিযোগ

সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দের বৈষম্য নিয়েও অভিযোগ তোলেন জামায়াত আমির। তিনি বলেন, সরকারি দলের সংসদ সদস্যদের ২০৮টি আসনে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, অথচ বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে বরাদ্দ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরোনো রাজনীতির অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হবে এমন প্রত্যাশা ছিল জনগণের। কিন্তু দেশকে আবারও আগের অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মহিষের ওপরও কর আরোপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন গবাদি পশুটির জন্য ঘাস কিনতেও টাকা দিতে হচ্ছে।

‘১৮ কোটি মানুষের পাহারাদার হয়ে কাজ করবেন ৮৯ এমপি’

রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করার অভিযোগ পুনর্ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, গত সাত মাসে বিএনপি সরকার আগের স্বৈরাচারের মতো একই পথে হাঁটছে। এ পরিস্থিতিতে বিরোধী দল নীরব দর্শক হয়ে বসে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, নানা ধরনের কারসাজি ও অনিয়মের পরও জনগণ তাঁদের বিরোধী দলে বসিয়েছে। বিরোধী দলের ৮৯ জন সংসদ সদস্য দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে বলেন, বিএনপি পরিবর্তিত হলেও জামায়াত নিজেদের অবস্থান পরিবর্তন করবে না। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় আদায় করেই তাঁরা ছাড়বেন।

‘নব্য ফ্যাসিবাদেরও পতন হবে’

বিরোধী দলকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়েছে দাবি করে শফিকুর রহমান বলেন, তাঁরা সেসব প্রত্যাখ্যান করেছেন। হিমালয় পর্বতের মতো অটল থেকে বিরোধী দল নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানকে শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সেই অভিজ্ঞতা থেকেই তাঁরা সামনে এগিয়ে যেতে চান। তাঁর প্রত্যাশা, নব্য ফ্যাসিবাদেরও পতন হবে। তবে কখন সেই পরিবর্তন আসবে, তা সৃষ্টিকর্তার সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, তাঁরা সরকারকে ব্যর্থ দেখতে চাননি; বরং সরকারের সফলতা চেয়েছিলেন, কারণ সরকারের সফলতা মানেই দেশের সফলতা। এতদিন সরকারকে সহযোগিতা করার কথা বললেও এখন থেকে দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করার ঘোষণা দেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা সরকার দেখাতে পারেনি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।