বিএনপির ট্যাগ না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ বললেন রুমিন

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানার শেয়ার করা ফটোকার্ডে লেখা ছিল, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই ট্যাগ, অর্থাৎ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না।’ ফটোকার্ডটি শেয়ার করার সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহর কসম’।

এর আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করেছিলেন রুমিন ফারহানা। সাম্প্রতিক বক্তব্যেও তিনি একই ধরনের অবস্থান তুলে ধরেছেন।

রুমিন ফারহানা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই আসন থেকে নির্বাচিত হন।

এর আগে বিএনপি থেকে আলাদা হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও তিনি প্রকাশ্যে কথা বলেছেন। ২০২৬ সালের নির্বাচনের পর তিনি জানিয়েছিলেন, বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।