পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছেছে গাইবান্ধায়

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আহত তৌফিক শেখের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে তাঁর মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নিজ গ্রামে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় নিজ গ্রামে তৌফিকের জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তৌফিক শেখ গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত তবিবর রহমান তবির ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জীবিকার তাগিদে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

স্বজন ও এলাকাবাসী জানান, বাবার মৃত্যুর পর জীবন-জীবিকার প্রয়োজনে এক বন্ধুর মাধ্যমে পোশাক কারখানায় কাজ নেন তৌফিক। গাজীপুরের বাংলাবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন তিনি।

গত কয়েক দিন ধরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলন চলছিল। ওই আন্দোলনে সক্রিয় ছিলেন তৌফিক।

নিহতের বড় ভাই হারুন মিয়া জানান, গত সোমবার আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে আন্দোলনরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বড় ভাই।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ মঙ্গলবার রাতে জানান, রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। বুধবার তাঁর দাফন সম্পন্ন হবে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।