পাটোয়ারীর মন্তব্যের জবাবে ভুল স্বীকার রাশেদের

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান। নিজের দেওয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহার এবং ভবিষ্যতে নিজেকে সংশোধনের প্রত্যয় জানিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা জানান।

পোস্টে রাশেদ খান বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারী অতীতে জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ও কন্যা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ বিএনপি সরকারের মন্ত্রী ও সিনিয়র নেতাদের নিয়ে তীর্যক, অকথ্য, অশ্রাব্য ও তুইতোকারি ভাষায় গালিগালাজ করেছেন। এর প্রেক্ষিতে কয়েক মাস আগে তিনি অসাবধানতাবশত একটি উদাহরণ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

রাশেদ খান বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারী ন্যূনতম পরিশীলিত রাজনীতি করলে হয়তো তাকে এমন উদাহরণ দিতে হতো না। পাশাপাশি তাকে নিয়েও পাটোয়ারী অশ্রাব্য ভাষায় বিভিন্ন কথা বলায় ব্যক্তিগত ক্ষোভ ও তিক্ততা তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, একে অপরের বিরুদ্ধে কথা না বলার বিষয়ে পাটোয়ারী তাকে ফোনও করেছিলেন। তবে কয়েক ঘণ্টা পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় বলে দাবি করেন রাশেদ খান।

নিজের আগের বক্তব্য প্রসঙ্গে রাশেদ খান বলেন, তার প্রতিক্রিয়াটি ছিল অনেকটা ‘টিট ফর ট্যাট’-এর মতো। তবে ২০২৪ সালের পরবর্তী রাজনৈতিক ধারায় দেশ গঠন, মানবিক মর্যাদা ও বৃহত্তর কল্যাণকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

রাশেদ খান বলেন, তার জায়গা থেকে যে অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল হয়েছে, তা তিনি প্রত্যাহার করছেন এবং ভবিষ্যতে নিজেকে সংশোধনের প্রত্যয় ব্যক্ত করছেন। একই সঙ্গে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীল ও পরিশীলিত রাজনৈতিক পরিবেশ তৈরিতে সবার ভূমিকা থাকা উচিত বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক অভিযাত্রায় তিনি সবসময় সহনশীলতা এবং ভাষার ব্যবহারে সতর্ক থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঘৃণা ছড়িয়ে কোনো পক্ষই লাভবান হবে না উল্লেখ করে রাশেদ খান বলেন, এর মাধ্যমে শুধু বিরাজনীতিকরণের উদ্দেশ্যে অপেক্ষায় থাকা গোষ্ঠীই উপকৃত হবে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।