মানিকগঞ্জের হরিরামপুরে মহাশ্মশানের পবিত্রতা ক্ষুণ্ণ করে মাথার খুলি চুরির এক ন্যাক্কারজনক ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত পহেলা বৈশাখ (মঙ্গলবার) মধ্যরাতের এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশানে মঙ্গলবার দিবাগত রাতে অতর্কিতে হানা দেয় দুর্বৃত্তরা। তারা শ্মশান থেকে একটি মাথার খুলি চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র উত্তজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সুনির্দিষ্টভাবে তিনজনের নাম উল্লেখ করা হয়েছিল।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ধূকশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) এবং একই গ্রামের প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)। পুলিশ জানায়, মামলার পর ওই দিন বিকেলেই বোয়ালিয়া ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং খুলি চুরির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে দ্রুত আসামিদের আইনের আওতায় এনেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘৃণ্য কাজের পেছনে অন্য কোনো চক্র বা কুসংস্কারমূলক উদ্দেশ্য জড়িত কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া