তেলের পাম্পে দীর্ঘ লাইনের ভোগান্তি শেষ? নতুন যে সেবা আনল 'সেবা এক্সওয়াইজেড'!

চলমান জ্বালানিসংকটের কারণে দেশের পেট্রোলপাম্পগুলোতে এখন নৈমিত্তিক চিত্র দীর্ঘ লাইনের ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা গাড়ির স্টিয়ারিং ধরে অপেক্ষায় থাকতে গিয়ে চরম ক্লান্তির শিকার হচ্ছেন গাড়ির মালিক ও চালকেরা। নাগরিক জীবনের এই স্থবিরতা আর চরম ভোগান্তি কমাতে এক অভিনব সমাধানের পথ নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় অনলাইনভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সেবা এক্সওয়াইজেড’। তারা চালু করেছে ‘ফুয়েল রিফুয়েলিং ড্রাইভার সার্ভিস’ নামের সম্পূর্ণ নতুন একটি সেবা। এই সেবার আওতায় এখন থেকে গ্রাহকের হয়ে পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গাড়িতে তেল ভরে এনে দেবেন ভাড়ায় চালিত একজন প্রফেশনাল ড্রাইভার।


ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই অভিনব সেবাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একটি বড় অংশ এই উদ্যোগকে বর্তমান সংকটকালীন বাস্তবতার এক দারুণ স্মার্ট সমাধান হিসেবে সাধুবাদ জানাচ্ছেন। অন্যদিকে, ব্যক্তিগত প্রাইভেট কার সম্পূর্ণ অপরিচিত একজন চালকের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ও জবাবদিহির ঝুঁকি নিয়ে অনেকেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


নতুন এই সার্ভিস চালুর পেছনের প্রেক্ষাপট তুলে ধরে ‘সেবা এক্সওয়াইজেড’ কর্তৃপক্ষ জানায়, গাড়ির ট্যাংক ভরাতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে আটকে থাকার কারণে মানুষের দৈনন্দিন রুটিন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের যে গ্রাহকেরা আগে থেকেই ‘অন-ডিমান্ড ড্রাইভার সার্ভিস’ ব্যবহার করতেন, তাদের কাছ থেকে প্রতিনিয়ত অসংখ্য কল ও বার্তা আসছিল। গ্রাহকদের বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলোই এমন উদ্যোগ নিতে প্রতিষ্ঠানটিকে অনুপ্রাণিত করেছে।


কর্তৃপক্ষ আরও জানায়, অনেক গ্রাহক আক্ষেপ করে বলেছেন, শুধু গাড়িতে তেল নেওয়ার জন্য পাম্পের লাইনে দাঁড়াতে গিয়ে তাঁদের অফিস থেকে ছুটি পর্যন্ত নিতে হয়েছে। আবার অনেক গ্রাহক জানিয়েছেন, তাঁদের ব্যক্তিগত ড্রাইভার সারা রাত পাম্পে লাইনে দাঁড়িয়ে চরম ক্লান্ত হওয়ার পরও পরদিন বিশ্রাম ছাড়াই ডিউটি করতে বাধ্য হয়েছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। দীর্ঘ সময় গাড়িগুলো আটকে থাকায় অনেক পরিবারের দৈনন্দিন সময়সূচি যেমন ভেঙে পড়ছে, তেমনি অতিরিক্ত অপেক্ষার কারণে পরিবহন খরচও বহুগুণে বেড়ে যাচ্ছে।


তবে, প্রতিষ্ঠানটি এটিও স্পষ্ট করেছে যে তাদের এই ‘ফুয়েল রিফুয়েলিং ড্রাইভার সার্ভিস’ সম্পূর্ণ সাময়িক একটি উদ্যোগ। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হলে এবং পাম্পগুলোতে ভিড় কমে গেলে এই সেবার আর কোনো প্রয়োজন থাকবে না।


এই অন-ডিমান্ড সেবার খরচও নির্ধারণ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। দিনের বেলায় তেল নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াতে প্রতি ঘণ্টায় গ্রাহককে চার্জ গুনতে হবে ১৭৫ টাকা। আর রাতের বেলায় এই অপেক্ষার জন্য প্রতি ঘণ্টার চার্জ নির্ধারণ করা হয়েছে ২২৫ টাকা।


ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।