ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে সিইসির সঙ্গে ১১ দলের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল। নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ ও উদ্বেগের মধ্যে বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময়সূচি রয়েছে। এসব নির্বাচন সামনে রেখে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে বলে জানিয়েছে প্রতিনিধি দল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব উপস্থিত রয়েছেন। ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পাশাপাশি, স্থানীয় সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে জোটের পক্ষ থেকে লিখিত প্রস্তাব জমা দেওয়া হবে।

১০ সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কতটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে, তা নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণার সময় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচনি অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে এর আগে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল জামায়াতে ইসলামী।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।