ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে গোলাম রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদা নাইড়ি পাড়ার কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন গোলাম রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এর জের ধরে মঙ্গলবার ভোরে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, কুড়ালের আঘাতে গুরুতর আহত হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গোলাম রহমানের মৃত্যু হয়। তাঁর চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, ঘটনার পর অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে জানানো যাবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।