‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি জামায়াত, জানালেন গোলাম পরওয়ার

জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ওই অনুষ্ঠানে জামায়াত নেতাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২০ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, অনুষ্ঠানের দাওয়াতপত্রে সরকারের অতিথিদের নাম উল্লেখ থাকলেও মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম ছিল না। এমনকি সেখানে তিনি কোন পরিচয়ে উপস্থিত থাকবেন, সেটিও উল্লেখ করা হয়নি।

এ প্রসঙ্গে প্রশ্ন তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তাহলে কি বিরোধীদলীয় নেতা দর্শক সারিতে বসবেন?

এর আগে সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন এবং আধুনিকায়ন করা ওসমানী উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, যাঁদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে তাঁদের থাকা উচিত ছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংসদে বিরোধী দল অবশ্যই সরকারের বিরোধিতা করবে, তবে তা হতে হবে গঠনমূলক। পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে আটকে থাকলে দেশের অগ্রগতি সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।