রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জের ঘটনায় দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে? এটা দেখার এই দেশে কেউ কি নেই?’
তিনি বলেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক।
তিনি বলেন, ‘সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?’
এ ঘটনার অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।’
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।