চাঁদাবাজি করলে রাজনীতিতে অস্তিত্ব থাকবে না: বিএনপিকে হুঁশিয়ারি সারজিস আলমের

বিএনপি কিংবা অন্য যেকোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা সব সময় উন্মুক্ত বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দেশ গঠনে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যারা আগামীর রাজনীতি করতে চান, তারা পুরোনো পরিচয় ছাপিয়ে এনসিপির পতাকাতলে আসতে পারেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক বিশেষ রাজনৈতিক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন স্তরের নাগরিক ও রাজনৈতিক নেতাকর্মীদের এনসিপিতে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে এই সভার আয়োজন করা হয়।

বিএনপিকে কড়া বার্তা দিয়ে সারজিস আলম বলেন, “রাজনীতিতে চাঁদাবাজিকে আশ্রয়-প্রশ্রয় দিলে আগামীর বাংলাদেশে আপনাদের কোনো অস্তিত্বই থাকবে না। আপনাদের এমন একটি রাজনৈতিক পথ বেছে নিতে হবে, যা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।” তিনি আরও যোগ করেন, অতীতের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, যদি কারো বিরুদ্ধে ফ্যাসিবাদ বা কোনো ফৌজদারি অপরাধের সংশ্লিষ্টতা না থাকে এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের বিরোধী ছিলেন না, তাদের এনসিপিতে স্বাগত জানানো হবে।

এনসিপির সাংগঠনিক সক্ষমতার ওপর জোর দিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা পুরোনো সিন্ডিকেট আর বন্দোবস্ত ভেঙে বেরিয়ে আসুন। চেয়ারম্যান, মেয়র বা কাউন্সিলর—তৃণমূলের প্রতিটি স্তরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনাদের যোগ্য নেতৃত্বের লড়াইয়ে এনসিপি সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করে সারজিস আলম প্রশ্ন তোলেন, “তারেক রহমান দেশে ফেরার আগে বলেছিলেন, তার ফেরা কেবল নিজের ইচ্ছার ওপর নির্ভর করে না। আমরা জানতে চাই, আর কার কার কাছে, কোন দেশের কাছে কিংবা কোন শক্তিশালী এজেন্সির কাছে দস্তখত দিয়ে তিনি দেশে ফিরেছেন? এখন তিনি কোন সাহসে গণভোটকে অবৈধ বলার ধৃষ্টতা দেখাচ্ছেন?”

একই সঙ্গে সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান সরকার গঠনের দুই মাস অতিবাহিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন। সেখানে আমার ভাই ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার হয়েছে বলে আমরা জানি। কিন্তু এখন পর্যন্ত কোন শর্ত বা স্বাক্ষরের গ্যাঁড়াকলে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না, সেই সত্য জাতি জানতে চায়।”

দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নেতৃত্বের উত্থান এবং বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে এনসিপি বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া