গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে বাংলাদেশে ভারতীয় পণ্য প্রবেশ, করিডর ও ট্রানজিটের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রয়োজনে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের মতো কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি এ সম্মেলনের আয়োজন করে।
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে পানি না এলে ভারতীয় পণ্যও দেশে আসবে না। একই সঙ্গে কোনো করিডর বা ট্রানজিটের সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের নদীতে পানি না এলে ভারতীয় কোনো টেলিভিশন চ্যানেলও এ দেশে চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের কথা স্মরণ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, প্রয়োজন হলে তাঁরা আবারও ফারাক্কা অভিমুখে লংমার্চের জন্য প্রস্তুত রয়েছেন।
অর্থনীতি ও বিদেশি ঋণ প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার ঋণের জন্য বিভিন্ন পক্ষের কাছে যাচ্ছে, কিন্তু সরকারকে কেউ বিশ্বাস করছে না এবং ঋণও দিচ্ছে না। জাপানকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে সরকারের কী কী চুক্তি হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
তিনি আরও বলেন, এসব চুক্তির মাধ্যমে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডর বা ট্রানজিট সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে।
সংবিধান সংশোধনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বিরোধী দলের কাছে মতামত চেয়েছেন। তবে নির্বাচনের আগেই এ নিয়ে আলোচনা শেষ হয়েছে বলে দাবি করেন তিনি। এখন নতুন করে আলোচনার পরিবর্তে বাস্তবায়নের সময় এসেছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান। অন্যথায় জনগণ ও বিরোধী দল তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শ্রমিকেরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করছেন। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ালেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়নি। এই বৈষম্য দূর করে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব ফরহাদ সোহেল।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।