কৃষককে ঋণমুক্ত করার পাশাপাশি লোকসানমুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, কৃষিঋণ মওকুফের উদ্যোগ সাময়িক স্বস্তি দিলেও কৃষকদের বারবার ঋণ নিতে বাধ্য হওয়ার কারণগুলো দূর করা জরুরি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র কৃষকদের সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। সরকারের হিসাব অনুযায়ী, এতে প্রায় ১৪ লাখ ৩৪ হাজার কৃষক উপকৃত হয়েছেন। আপাতত এটি কৃষকদের জন্য স্বস্তির খবর হলেও এই স্বস্তি কত দিন স্থায়ী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, কৃষকের ১০ হাজার টাকার ঋণ মওকুফ করে তাঁকে আবার একই ঋণনির্ভর ব্যবস্থায় ফিরিয়ে দেওয়া হলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। ঋণ মওকুফের পাশাপাশি কৃষক কেন বারবার ঋণগ্রস্ত হচ্ছেন, সেই কারণগুলোও দূর করতে হবে।
পাটওয়ারী আরও বলেন, সরকার ঋণ মওকুফ করেছে এটি ইতিবাচক উদ্যোগ। তবে এমন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন, যাতে আগামী বছর আবারও একই কৃষকের ঋণ মওকুফের প্রয়োজন না হয়।
কৃষকের উৎপাদিত পণ্যের দামের ব্যবধান তুলে ধরে তিনি বলেন, কৃষকের কাছ থেকে দুই টাকায় কেনা একটি লাউ ক্রেতার কাছে ৬০ টাকায় বিক্রি হতে পারে। উৎপাদক ও ভোক্তার দামের মধ্যে থাকা এই ৫৮ টাকার ব্যবধানের হিসাব জনগণের সামনে স্পষ্ট করা উচিত।
কৃষকের আর্থিক সংকটের স্থায়ী সমাধানে শুধু ঋণ মওকুফ নয়, বরং এমন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি, যাতে কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান এবং লোকসানের মুখে পড়ে আবার ঋণ নিতে বাধ্য না হন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।