কিশোর গ্যাং ও উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে কুমিল্লায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোতে চালানো অভিযানে ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান জানান, অভিযানে আটক ৩৭৯ ব্যক্তির অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন লুৎফুর রহমান। আটক ব্যক্তিদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অপরাধে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরদের অপরাধপ্রবণতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।