কম্বোডিয়ার সাইবার স্ক্যামের নারকীয় বন্দিদশা পেরিয়ে অবশেষে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি

কম্বোডিয়ায় আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের বন্দিদশা ও দেশটির ইমিগ্রেশন পুলিশের ডিটেনশন সেন্টারের বিভীষিকা কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন ৩০ বাংলাদেশি নাগরিক। আজ মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের ‘টিজি-৩২১’ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন তারা। স্বজনদের কাছে পৌঁছানোর পর তাঁদের চোখে-মুখে দীর্ঘদিনের আতঙ্ক আর স্বস্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

এর আগে দেশে ফেরার প্রক্রিয়া চলাকালে কম্বোডিয়ার রাজধানী নমপেনের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে বন্দি হয়ে পড়েন এই বাংলাদেশিরা। সেখানে মানবেতর অবস্থায় দিন কাটানো এই নাগরিকদের দ্রুত মুক্ত করে নিরাপদে স্বদেশে ফেরাতে জোরালো তৎপরতা শুরু করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব বরাবর জরুরি কূটনৈতিক পদক্ষেপের নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল।

বেসরকারি সংস্থা ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’-এর আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ডের উপপরিচালক (আইআরপি) মোহাম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত ওই চিঠিতে আটক বাংলাদেশিদের অবিলম্বে মুক্তি ও প্রত্যাবাসনের ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।

জানা গেছে, ঘটনার সূত্রপাত গত ৩ সেপ্টেম্বর। কম্বোডিয়া সরকারের নির্ধারিত সাধারণ ক্ষমার প্রক্রিয়ায় নিজ দেশে ফেরার উদ্দেশ্যে নমপেনের আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন ৩২ জন বাংলাদেশি। তবে বহির্গমন যাচাই-বাছাইয়ের সময় বৈধ কাগজপত্র না থাকা ও অবৈধভাবে অবস্থানের অভিযোগে তাঁদের সবাইকে বিমানবন্দর থেকেই আটক করে দেশটির অভিবাসন পুলিশ। পরবর্তীতে দুজন সেখান থেকে মুক্তি পেলেও অবশিষ্ট ৩০ জনের স্থান হয় ইমিগ্রেশনের বন্দিশালায়।

অনুসন্ধানে জানা যায়, মোটা অঙ্কের বেতন ও লোভনীয় ক্যারিয়ারের স্বপ্ন দেখিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী দালাল চক্রের মাধ্যমে এই বাংলাদেশিদের কম্বোডিয়ায় নেওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে সুরক্ষিত ক্যাম্প বা স্ক্যাম সেন্টারে কার্যত দাস হিসেবে জিম্মি করা হয়। জোরপূর্বক বাধ্য করা হতো বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন জালিয়াতি ও সাইবার স্ক্যামিং অপরাধে। ভুক্তভোগীদের কেউ সেই অনৈতিক কাজ করতে অস্বীকৃতি জানালে কিংবা সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলেই চালানো হতো অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন। সেই ভয়াল পরিবেশ থেকে পালিয়ে এসে দীর্ঘ আইনি জটিলতা শেষে সরকারের সক্রিয় হস্তক্ষেপে স্বদেশের মাটিতে পা রাখলেন এই নাগরিকরা।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।