‘কতটা ভয় পেলে এতটা উন্মাদ হতে পারে’

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও তাঁর গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে তিনি প্রশ্ন তুলেছেন, একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এমন আচরণ করতে পারেন।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এর আগে একই দিন সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তাঁর ওপর ডিম নিক্ষেপের পাশাপাশি তাঁকে বহনকারী গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পাটওয়ারীকে বহনকারী গাড়ি ভাঙচুরের চারটি ছবি পোস্ট করে নাহিদ ইসলাম লেখেন, ‘আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলার ঘটনা। নাহিদ প্রশ্ন করেন, ‘একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এতটা উন্মাদ হতে পারে?’

হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নাহিদ বলেন, ‘অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না, ইনশা আল্লাহ।’

নাহিদের ওই পোস্টের পর রোববার রাতেই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘ধারাবাহিক হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় এনসিপি। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা এবং তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয়।

বিজ্ঞপ্তিতে রাজনৈতিক মতপার্থক্য থাকার বিষয়টি স্বীকার করে এনসিপি বলেছে, মতপার্থক্যের জবাব হামলা, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলটি মনে করছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তি এখন গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এনসিপির ভাষ্য, একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটতে থাকলে প্রতিটি ঘটনার তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অন্যথায় রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরও উৎসাহিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। দেশের যেকোনো প্রান্তে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নাগরিকের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত প্রতিটি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।