জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হচ্ছে আজ। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।
নতুন এই অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে।
এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, সংগঠনটিতে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের যুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সংগঠনের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এম নাজমুল ইসলাম বলেন, এনসিপির ক্রীড়া উইং হিসেবে তাঁরা কাজ শুরু করছেন। এতে নাজমুল আবেদীন ফাহিম আহ্বায়ক এবং তিনি সদস্য সচিবের দায়িত্বে থাকবেন। পাশাপাশি সাবেক খেলোয়াড় ও অন্যান্য ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে। ধীরে ধীরে সংগঠনের কার্যক্রম বিস্তৃত হবে।
সংগঠনটির কাজের বিষয়ে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হবে। শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলা নিয়েই কাজ করবে অ্যালায়েন্স। ক্রীড়াঙ্গনে কোনো ভুলত্রুটি থাকলে তা তুলে ধরা হবে এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে প্রয়োজনে সংলাপে বসা হবে।
ভবিষ্যতে অর্থায়নের সুযোগ তৈরি হলে সংগঠনটি সরাসরি ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশ নেবে বলে জানান এম নাজমুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।