আসামের বাঙালি মুসলমানদের অধিকার ও অস্তিত্বের লড়াইকে বাংলাদেশের সঙ্গেও সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আসামে বাংলাভাষী মুসলমানদের বাড়িঘর ও মসজিদ উচ্ছেদের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এসব ঘটনা কেবল কিছু পরিবারের ওপর আঘাত নয়; বরং ওই অঞ্চলে তাঁদের ঐতিহাসিক উপস্থিতি ও রাজনৈতিক অস্তিত্বের জন্যও হুমকি।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম আসামের উচ্ছেদ অভিযান, নাগরিকত্ব, ভাষাগত পরিচয় এবং এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক ভূমিকা নিয়ে বক্তব্য তুলে ধরেন।
পোস্টে তিনি দাবি করেন, গত ১৭ ও ১৮ অক্টোবর মাত্র দুই দিনে আসামে বাংলাভাষী মুসলমানদের ১,১০০টির বেশি বাড়িঘর ও ১০টির বেশি মসজিদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে অন্তত ৩৩টি উচ্ছেদ অভিযানে ২২ হাজারের বেশি পরিবার গৃহহীন হয়েছে।
নাহিদ ইসলামের অভিযোগ, আসামের নগাঁওসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদের ঘটনা বিচ্ছিন্ন নয়। তাঁর মতে, এসব অভিযানের মাধ্যমে বাংলাভাষী মুসলমানদের ঐতিহাসিক উপস্থিতি ও রাজনৈতিক অস্তিত্ব দুর্বল করার চেষ্টা চলছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, বিজেপি জাতিগত পরিচয়ের বিতর্ককে ধর্মীয় জাতীয়তাবাদের কাঠামোয় নিয়ে গেছে।
নাগরিকত্বের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম দাবি করেন, উচ্ছেদের শিকার মানুষের একটি অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। তিনি আধার কার্ড, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং সীমান্ত দিয়ে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগও তুলে ধরেন। তাঁর বক্তব্য, নাগরিকত্বসংক্রান্ত প্রক্রিয়া ও উচ্ছেদ অভিযান বাংলাভাষী মুসলমানদের মধ্যে অনিশ্চয়তা বাড়াচ্ছে।
আসামের করিমগঞ্জ ও সিলেটের ঐতিহাসিক সম্পর্কের কথাও পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৮৭৪ সালে সিলেটকে বাংলা থেকে আলাদা করে আসামের সঙ্গে যুক্ত করা হয়েছিল। ১৯৪৭ সালের গণভোটে সিলেটের সংখ্যাগরিষ্ঠ ভোট পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে গেলেও করিমগঞ্জের কিছু অংশ আসামের সঙ্গে থেকে যায়। এ কারণে সিলেট অঞ্চলের মানুষের কাছে বরাক উপত্যকার পরিস্থিতি কেবল প্রতিবেশী অঞ্চলের খবর নয়, ঐতিহাসিক ও পারিবারিক সম্পর্কের বিষয়ও।
বাংলা ভাষার অধিকার আদায়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি ১৯৬১ সালের ১৯ মে শিলচর রেলস্টেশনে পুলিশের গুলিতে ১১ জনের মৃত্যুর কথা উল্লেখ করেন। তাঁর মতে, বরাক উপত্যকার ভাষা আন্দোলন বাঙালি হিন্দু ও মুসলমানের যৌথ ঐতিহাসিক উত্তরাধিকারের অংশ।
ব্রহ্মপুত্র উপত্যকার বাংলাভাষী মুসলমানদের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, টিকে থাকার জন্য তাঁদের অনেকে মাতৃভাষা ছেড়ে অসমীয়া ভাষা ও আন্দোলনকে গ্রহণ করেছিলেন। তা সত্ত্বেও তাঁদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হয়রানি এবং বাড়িঘর উচ্ছেদের ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।
পোস্টে মওলানা ভাসানীর আন্দোলনের কথাও তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। তাঁর মতে, আসামে বাঙালি মুসলমানদের অধিকার রক্ষায় ‘লাইন প্রথা’ ও ‘বাঙাল খেদাও’ রাজনীতির বিরুদ্ধে ভাসানীর ভূমিকা ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
নাহিদ ইসলামের বক্তব্য, আসামের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাঙালি মুসলমানদের আত্মপরিচয় ও ঐতিহাসিক অধিকারকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। তিনি বলেন, আসামের বাঙালি মুসলমানদের আইনি মর্যাদা ভারতের সংবিধানের কাঠামোর মধ্যেই নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সীমান্তে বিজিবির নজরদারি ও ভারতকে চিঠি দেওয়ার পাশাপাশি আরও দৃঢ় কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানোর অভিযোগের বিষয়ে বিএনপি সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি তুলে ধরা এবং কোনো ধরনের পুশইন বা প্রত্যাবাসন মেনে না নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি আসামের পরিস্থিতির প্রভাবে বাংলাদেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন নাহিদ ইসলাম। তাঁর মতে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখা জরুরি।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি আসামের বাঙালি মুসলমানদের অধিকার ও পরিচয়ের লড়াইকে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলে ধরে বলেন, এই ইতিহাস ও সংগ্রামকে ধারণ করে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করাই এখন গুরুত্বপূর্ণ।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।