রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা ও বিভিন্ন অভিযোগ নিয়ে মুখ খুলেছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগকে ‘এলিগেশন’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনোটি প্রমাণিত নয়।
আম্মার লেখেন, ‘রাবি শিবিরের একটা ভয়াবহ গুণ তারা মিথ্যাকে সত্য বানায়, আর সত্যকে মিথ্যা।’ তার দাবি, তার বিরুদ্ধে নারীদের সঙ্গে অবাধ মেলামেশা, চাঁদাবাজি এবং অর্থের বিনিময়ে পদ দেওয়ার মতো অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগের প্রমাণ দেওয়ার দায় কীভাবে তার ওপর বর্তায়, সেই প্রশ্নও তোলেন তিনি।
নারীসংক্রান্ত অভিযোগের বিষয়ে আম্মার দাবি করেন, ক্যাম্পাস জীবনে কোনো নারী শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করেননি, যা ভাইয়ের সম্পর্কের বাইরে কিছু বোঝায়। একই সঙ্গে তিনি শিবিরের এক দায়িত্বশীলের ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ তুলে সংগঠনটির অভিযোগের ধরন নিয়ে প্রশ্ন তোলেন।
চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে আম্মার ২০২৫ সালের ‘জুলাই ৩৬, মুক্তির উৎসব’ কনসার্ট আয়োজনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ৭৬ লাখ টাকা চেয়ে চিঠি পাঠানোর অভিযোগের ব্যাখ্যা দেন। ওই সময় সংবাদমাধ্যমে ৭০টি প্রতিষ্ঠানের কাছে অর্থ চাওয়ার অভিযোগ প্রকাশিত হয়েছিল।
আম্মারের ভাষ্য, কনসার্ট আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তৎকালীন উপাচার্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে স্পনসর সংগ্রহের পরামর্শ দেন। এরপর তিনি বিভিন্ন ব্যাংক ও কোম্পানির কাছে প্রস্তাবপত্র নিয়ে যান। তার দাবি, ওই প্রস্তাবপত্রকেই পরে চাঁদা চাওয়ার চিঠি হিসেবে প্রচার করা হয়।
অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন আম্মার। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটি গঠনের সময় রাজশাহীর স্থানীয় শিক্ষার্থীরা একটি কমিটি নিয়ে এলে তার সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ের ব্যক্তিদের সম্পর্ক থাকার কারণে তিনি ওই কমিটি করে দিয়েছেন এমন একটি ধারণা ছড়ানো হয়। তবে তার দাবি, ওই কমিটি গঠনের সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
শিবিরের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার প্রসঙ্গে আম্মার বলেন, তিনি অতীতে শিবিরের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং সংগঠনটির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বিভিন্ন সময় কথা বলেছেন। তবে ২০২৫ সালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে তাকে শিবিরের রাবি শাখার ‘সাথী’ পদ থেকে বহিষ্কার করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
আম্মার তার পোস্টে আরও দাবি করেন, শিবিরের পক্ষ থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হলেও সেগুলোর কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, যে কাজ তিনি করেননি, সেটি না করার প্রমাণ কীভাবে তিনি দেবেন এটাই তার প্রশ্ন।
এর আগে ২০২৫ সালে আম্মারকে শিবির থেকে বহিষ্কারের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অর্থের বিনিময়ে পদ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল। এসব অভিযোগের বিষয়ে আম্মার বর্তমানে তার ফেসবুক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।