সাতকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায় মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস। এ দুর্ঘটনায় এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওই মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়ে দুটি বাস কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। তাঁদের বাসটি বহরের সামনে ছিল। পেছনের বাসটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশের গভীর ডোবায় ছিটকে পড়ে এবং পানিতে তলিয়ে যায়।

পেছনের বাসটি দুর্ঘটনায় পড়ার খবর পেয়ে সামনের বাসের যাত্রীরা দ্রুত ঘটনাস্থলে ফিরে যান। পরে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যাওয়ার সময় নিহত দুজন সামনের আসনে বসা ছিলেন। বাসটি ডোবার পানিতে নিমজ্জিত হওয়ায় শ্বাসরোধে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাঁদের মরদেহ দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনেরা পৌঁছালে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ রাশেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। নিহত দুজনের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।