সাজেক ভ্রমণ শেষে দুর্ঘটনা, আহত একই এলাকার ৭ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি থেকে ভ্রমণ শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি (পুরোনো জিপ) উল্টে গেছে। এতে সাত পর্যটক আহত হয়েছেন। রোববার বেলা পৌনে ১১টার দিকে সাজেকের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা সবাই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোছা. আশা (১৩)।

বাঘাইছড়ির বাঘাইহাট স্টেশনের লাইনম্যান মো. জসিম প্রথম আলোকে বলেন, সাজেক ভ্রমণ শেষে পর্যটকদের নিয়ে জিপটি খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিল। পথে হাউজপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ওই গাড়িতে মোট ১২ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর আহত পর্যটকদের উদ্ধার করে অন্য একটি গাড়িতে খাগড়াছড়িতে পাঠানো হয়েছে বলে জানান মো. জসিম।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবরটি আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণসহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।’

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।